২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ার এলেই ডুবছে চাক্তাই খাতুনগঞ্জ আছাদগঞ্জ

চট্টগ্রামের বাণিজ্যকেন্দ্র চাক্তাই, খাতুনগঞ্জ ও আছাদগঞ্জে গত দুদিন ধরে জোয়ার এলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 12:03 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

পুরনো খবর:

চাক্তাই-খাতুনগঞ্জে জলাবদ্ধতা: চট্টগ্রামে চেম্বারের উদ্বেগ

নগরীর প্রধান এই বাণিজ্যকেন্দ্রে জলাবদ্ধতার সমস্যা পুরনো হলেও এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন এলাকা। দোকান ও গুদামে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।  

এই দুর্বিপাক থেকে মুক্তি পেতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সমিতির সদস্যরা বলছেন, এবার বর্ষা মৌসুমের শুরুতে জলাবদ্ধতার সমস্যা ততটা প্রকট ছিল না। কিন্তু বুধবার দুপুরে জোয়ারের সময় এই বাণিজ্য কেন্দ্রের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা দেড়টার দিকে জোয়ার শুরুর সময় ওই এলাকায় পানি ঢুকতে শুরু করে। এরপর পানির উচ্চতা বাড়তে থাকে। বেলা ৪টার পর আবার পানি নামতে থাকে।

বুধবার মধ্যরাত এবং বৃহস্পতিবার দুপুরে জোয়ারের সময় আবারও একই ঘটনা ঘটে।

চাক্তাই, খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, রাজাখালি, নজু মিয়া লেন, ইসলাম ফয়েজ মার্কেট, আবু গফুর রোড, মিয়াখান নগর, ইছাইক্যার পুল, কালামিয়া বাজার এলাকার ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হয় এ সময়। 

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদীর ওপর পিলার বসিয়ে সেতু নির্মাণ এবং অপরিকল্পিতভাবে ড্রেজিং করায় সেতু সংলগ্ন চাক্তাই খালের মুখে নদী প্রায় ভরাট হয়ে গেছে।

“তাই জোয়ারের শুরুতেই পানি চাক্তাই ও রাজাখালী খাল হয়ে চাক্তাই-খাতুনগঞ্জ ও আছাদগঞ্জে ঢুকে পড়ে।”

ঘূর্ণিঝড় রোয়ানুর সময়ও জলাবব্ধতার কারণে এ ব্যবসাকেন্দ্রের ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে জানিয়ে জামাল হোসেন বলেন, এরপর কেউ কেউ সীমানা প্রাচীর নির্মাণ ও দোকানের সামনের অংশ উঁচু করেছিল।

“কিন্তু সবাই তা করতে পারেনি। এখন পানি গুদাম ও দোকানে ঢুকে পণ্য নষ্ট করছে। প্রতিদিন ক্ষতি হচ্ছে।”

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় হাঁটু সমান পানি উঠছে। দুদিন মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ছয়শ দোকান ও গুদামে পানি ঢুকেছে।”

এহসান উল্লাহ বলছেন, কর্ণফুলী নদীর গভীরতা কমে যাওয়ার কারণেই এ বিপত্তি ঘটছে।

তার দাবি, কর্ণফুলীর নদীর গভীরতা ১৭০ ফুট থেকে কমে ১০০ ফুট হয়েছে। খালের মুখে পলিথিন জমায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

এই পরিস্থিতিতে শনিবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা সব প্রতিষ্ঠান বন্ধ রেখে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছে ব্যবসায়ী কল্যাণ সমিতি।  

এর আগে গত বছর অগাস্টে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবেও চাক্তাই-খাতুনগঞ্জ ও আছাদগঞ্জ এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়।

চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন গত বছর সিটি করপোরেশনের নির্বাচনের আগে জলাবদ্ধতা সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ বিষয়ে মেয়রের সঙ্গে দেখা করে ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়ে এসেছেন বলে এহসান উল্লাহ জানান।

“শনিবার আমরা কর্মসূচির মাধ্যমে পানি সম্পদমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রয়োজনে পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ ও আছাদগঞ্জে প্রায় এক হাজার তিনশ দোকান, গুদাম ও আড়ত আছে বলে ব্যবসায়ীরা জানান।