রাজনীতি নিষিদ্ধ হচ্ছে সিসিসির সব শিক্ষা প্রতিষ্ঠানে
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হচ্ছে।
সোমবার নগর ভবনে সিসিসির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ‘শিক্ষা নীতিমালা’ প্রকাশনা অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন।
আগামী জুলাই থেকে নীতিমালাটি কার্যকর হবে জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, নীতিমালা কার্যকরের দিন থেকে সিসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
সিসিসি পরিচালিত প্রতিষ্ঠানের মধ্যে সাতটি স্নাতক পর্যায়ের প্রতিষ্ঠানসহ মোট ২১টি কলেজ, ৪৭ মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, ৩০০ ফোরকানিয়া মাদ্রাসা এবং সাতটি কিন্ডার গার্টেন রয়েছে।
এছাড়া একটি কম্পিউটার ইনস্টিটিউট, তিনটি কম্পিউটার কলেজ ও একটি থিয়েটার ইনস্টিটিউট রয়েছে সিসিসির পরিচালনায়।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সিসিসি নতুন এই ‘শিক্ষা নীতিমালা’ তৈরি করেছে।
ওই নীতিমালার ২১ অধ্যায়ের ১৮ ধারাতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত রাখার কথা বলা হয়।
১৮ ধারায় বলা হয়েছে, যে কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনের পক্ষে সভা, সমাবেশ, মিছিল ও দেয়াল লিখন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ জড়িত প্রমাণ পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশনা অনুষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে আ জ ম নাছির উদ্দিন বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করুক। রাজনীতি থাকলে দেখা যায়- প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে, মারামারি-কাটাকাটি হচ্ছে। এতে পড়াশোনা বাধাগ্রস্থ হয়।
“যদি কখনো আমাদের শিক্ষার্থীদের মনোভাবে পরিবর্তন আসে, তাহলে রাজনীতি করার সুযোগ দেওয়া হতেও পারে।”
নতুন এই নীতিমালার ফলে সিসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের মধ্যে যে বৈষম্য চলে আসছে তার নিরসন হবে বলে দাবি করেন মেয়র।
“শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষা নীতিমালার আলোকে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শিক্ষা বিভাগের শিক্ষকদের বেতন বৈষম্য, টাইম-স্কেল, পদোন্নতি, স্থায়ীকরণ ও জ্যেষ্ঠতা নিয়ে যে অসন্তোষ এতদিন ধরে ছিল, এ নীতিমালা প্রণয়নের মাধ্যমে সেটি দূর হবে।”
শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি ও যৌক্তিক প্রস্তাবনা থাকলে তা প্রয়োজনে ওই নীতিমালার সঙ্গে সংযোজন-বিয়োজন করা যাবে বলে জানান তিনি।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষার মান তদারকিতে গাইড ও মনিটরিং শিক্ষক নিয়োগ এবং গ্রন্থাগারের উন্নয়নসহ বেশকিছু অধ্যায় রয়েছে এ নীতিমালায়।
শিক্ষা নীতিমালা প্রকাশের অনুষ্ঠানে ‘একটি মহল সিসিসির হোল্ডিং ট্যাক্স নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে’ বলে অভিযোগ করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন, “সিসিসি যাতে আর্থিকভাবে সক্ষম হতে না পারে, সেজন্য এটা করা হচ্ছে। আর্থিকভাবে সক্ষম হতে না পারলে উন্নয়ন কাজ করতে পারব না, আমি ব্যর্থ হব।
“আমার ব্যর্থতাই উনাদের সফলতা। কিন্তু উনারা একবারও ভাবছেন না, আমি ব্যর্থ হওয়া মানে চট্টগ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত হওয়া। কীভাবে নাছিরকে বেকায়দায় ফেলা যায়, সে চেষ্টা করা হচ্ছে।”
শিক্ষা খাতে সিসিসিকে বছরে ৪৩ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, নতুন এই নীতিমালা বাস্তবায়ন করলে ভর্তুকির পরিমাণ আরও বাড়বে। সিসিসির একমাত্র আয়ের উৎস কিন্তু হোল্ডিং ট্যাক্স। ট্যাক্স যদি আদায় করা যায়, তাহলে সিসিসির কাজ করার সক্ষমতাও বাড়বে।
সিসিসি ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে সংবাদকর্মীদের সহযোগিতা চান মেয়র।
অন্যদের মধ্যে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, শিক্ষা কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, শিক্ষা নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক সুমন বড়ুয়া, সদস্য সচিব নাজিয়া শিরিন এবং সদস্য কাজী নাজিমুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
