২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের সরাইপাড়া এলাকায় আগুনে পুড়ে এক নারী নিহত হয়েছেন, যিনি নিজেই শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 05:59 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

নিহত পারভীন আক্তার (৩৬) সরাইপাড়ার লোহারপুল এলাকার আবুল হাশেমের স্ত্রী। এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

পাহাড়তলী থানার এসআই সুনয়ন বড়ুয়া জানান, সোমবার সকালে লোহার পুল এলাকার বাড়িতে আগুনে পুড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

“বাসার বাথরুমের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।

নিহতের ভাগ্নে মো. সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নিজঘরের বাথরুমে অগ্নিদগ্ধ হন পারভীন।

এর আগে বিড়ি কারখানায় কাজ করা পারভীনের স্বামী হাশেম সকালে খাওয়া দাওয়া করে কর্মস্থলে চলে যান। বড় ছেলে ছোট দুই ভাই-বোনকে স্কুলে দিতে যায়। মেঝ ছেলেও ছিলেন বাসার বাইরে।

এসআই সুনয়ন বড়ুয়া বলেন, “প্রাথমিকভাবে পারভীন আত্মহত্যা করেছে বলে মনে হলেও ঘটনাস্থলটি সিআইডি পরীক্ষা নিরীক্ষা করেছে। তার মৃত্যুর সময় বাসায় কেউ ছিলেন না। আগুনের ধোঁয়া দেখে স্থানীয়রা বাসায় প্রবেশ করে।

“ঘটনাস্থল থেকে তেল জাতীয় কোনো দ্রব্য পাওয়া না গেলেও লাশের শরীরে থাকা কাপড়ে কেরোসিন তেলের আলামত পাওয়া গেছে।”

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ সদস্য সুনয়ন বলেন, সিআইডি ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শরীরে আগুন লাগার কারণটি বোঝা যাবে।