সন্দ্বীপে যাত্রী নিয়ে ডুবেছে নৌকা, ২৫ জন উদ্ধার
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর ২৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার সন্ধ্য সোয়া ৭টার দিকে গুপ্তছড়া ঘাটসংলগ্ন অংশে নৌকাটি ডুবে যায়।
উদ্ধার কাজে অংশ নেয়া কোস্ট গার্ড পূর্বাঞ্চলের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবে যাওয়া নৌকাটিতে ৪০ জনের মত যাত্রী ছিল বলে উদ্ধার হওয়াদের কাছ থেকে জানা গেছে।
“এরমধ্যে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তল্লাশি চলছে।”
সীতাকুণ্ড-সন্দ্বীপ সাগর পথে চলাচলকারী বড় আকারের নৌযান থেকে তীর পর্যন্ত যাত্রীদের নিয়ে যায় এসব ‘লাল বোট’।
সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলাম বলেন, যাত্রী নিয়ে তীরের দিকে আসার সময় বোটটি কাত হয়ে উল্টে যায়।
“তীর থেকে প্রায় শখানেক গজ দূরে নৌকাটি ডুবেছে। বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।”
