‘কোনো ধর্মই হানাহানির পক্ষে না’
কোনো ধর্ম হানাহানির পক্ষে না থাকলেও স্বার্থপরতা, হানাহানি এবং বিদ্বেষ বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন।
রোববার উন্নয়ন সংস্থা কারিতাস চট্টগ্রাম অঞ্চল আয়োজিত ‘ত্যাগ ও সেবা অভিযান ২০১৭’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামের নাম দিয়ে অনেকে আত্মঘাতী হচ্ছে। কিন্তু ইসলামে আত্মহত্যার পরিণাম জাহান্নাম। ইসলামের কথা বলে যে জঙ্গিরা হারাম কাজ করছে তারা জাহান্নামে যাবে। কারণ তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে।
“কোনো ধর্মই হানাহানির পক্ষে না। তবুও স্বার্থপরতা, হানাহানি ও একে-অপরের প্রতি বিদ্বেষ ক্রমেই বেড়ে চলেছে। মানুষের প্রতি মানুষের মর্যাদা ও ভালোবাসা নেই। এ অবস্থা থেকে উত্তরণে বিবেককে জাগ্রত করতে হবে। সেবা বাড়াতে সকলকেই সচেষ্ট হতে হবে। আর সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া।”
আলোচনার শুরুতে ‘এসো, দীনজনের অন্তরের কথা শুনি; এসো, তার বেদনা লাঘব করি’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ।
অনুষ্ঠানে সুফিতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্র চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল ইউসুফ বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই সৃষ্টি জগতের প্রতি মানুষের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে।
“ইসলামের মূল সুর হলো দুঃখী মানুষের দুঃখ লাঘব করা, অন্যের প্রতি সহমর্মিতা এবং পরষ্পররের প্রতি শ্রদ্ধাবোধ।”
আলোচনায় অংশ নিয়ে দিয়াং মরিয়ম ধর্মপল্লীর রেভারেন্ড ফাদার লেনার্ড সি রিবেরু বলেন, “প্রথমত আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে দায়বদ্ধ। তারপর আমরা ঈশ্বরের কাছে দায়বদ্ধ। কারণ মানুষকে ভালো না বাসলে ঈশ্বরকে ভালোবাসা যায় না।”
চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তি নাথানন্দজী মহারাজ বলেন, “মানব কল্যাণে ত্যাগ করা উচিত। ভোগবাদ আমাদের আত্মকেন্দ্রিক ও স্বার্থপর করে তুলছে। প্রত্যেকে নিজের কর্তব্য পালন করলে অধিকারের জন্য কাউকে সংগ্রাম করতে হবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু বলেন, ধার্মিক ব্যক্তি বৈষম্য মানতে পারেন না। একজন ধার্মিক ব্যক্তির মাধ্যমে কখনই জঙ্গিবাদের সৃষ্টি হবে না। মানুষে মানুষে বন্ধন দৃঢ় করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ ও ফারজানা পারভীন, ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, মমতা’র চেয়ারম্যান রফিক আহমেদ, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ এবং পিএসটিসির পীযুষ দাশগুপ্ত।
কারিতাসে দীর্ঘ সময় ধরে কর্মরত ৩১ জন কর্মীকে অনুষ্ঠানে ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
দরিদ্রদের সেবার লক্ষ্যে ১ মার্চ থেকে শুরু হওয়া ‘ত্যাগ ও সেবা অভিযান’ চলবে ৩১ মে পর্যন্ত। ১৯৮০ সাল থেকে এ প্রকল্পের মাধ্যমে সংগ্রহ করা অনুদানের অর্থ প্রতিবছর দুঃস্থ ও পীড়িত মানুষের সেবায় ব্যয় করা হয়।
