‘শিল্প-বাণিজ্যের সবকিছু ঢাকাকেন্দ্রিক’
শিল্প ও বাণিজ্যের সবকিছুই ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
শনিবার চট্টগ্রামের হোটেল র্যাডিসন ব্লু চিটাগাং বে-ভিউতে অনুষ্ঠিত সভায় এ অভিযোগ আনা হয়।
চট্টগ্রামের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, শিল্প-বাণিজ্যের প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন এখন ঢাকা থেকে করতে হয়।
‘চট্টগ্রামে শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা: সমস্যা ও সমাধান’ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম। তাদের সহযোগী ছিল স্থানীয় দৈনিক আজাদী।
সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের এখন ব্যাংকিং চ্যানেলে ঋণ পেতে কষ্ট হয়। ঋণ নিয়ে চট্টগ্রামের যে দুর্নাম রয়েছে, সারা দেশের হিসেবে তা বড় না হলেও বিষয়টি বড় করে দেখানো হয়।
চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ শিল্প ও বাণিজ্যের প্রয়োজনে অনুমোদনের সবকিছুই এখন ঢাকা থেকে করতে হয় অভিযোগ করে বলেন, এজন্য ব্যবসয়ীদের হয়রানির শিকার হতে হয়।
এ থেকে পরিত্রাণের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় সভা থেকে। এছাড়া ব্যবসায়ীরা চট্টগ্রামসহ দেশের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত কী ধরনের শিল্প-কারখানা হতে পারে, তা নিয়ে ১০০ বছর মেয়াদী পরিকল্পনা করা উচিত। চট্টগ্রামে বসে নীতিনির্ধারণী সিদ্ধান্তের ওপর জোর দেন তিনি।
বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেইন বলেন, বন্দরে নির্ধারিত সময়ে পণ্য খালাস করতে না পেরে বিদেশি জাহাজ কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। ক্ষতিপূরণের টাকা পাঠাতে অনেক সময় লাগছে। এজন্য ব্যবসা-বাণিজ্যের জন্য বিকেন্দ্রীকরণ করা উচিত।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বলেন, বন্দরকে সামনে রেখে উন্নয়ন করা উচিত। কারণ বন্দরের ব্যবহারকারী কম-বেশি সবাই। বে টার্মিনাল নির্মাণ হলে পণ্য খালাসের সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। শহরেও যানজট হবে না।
সভায় অন্যদের মধ্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম জেলা প্রমাসক সামসুল আরেফিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ওমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, রূপালী ব্যাংকের পরিচালক সেলিম উদ্দিন, জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ, সাবেক সভাপতি জসীম আহমেদ এবং রইসুল উদ্দিন সৈকত বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন জুনিয়র চেম্বারের সভাপতি গিয়াস উদ্দিন। বৈঠক সঞ্চালনা করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
