২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মুক্ত চলচ্চিত্র উৎসব’ সোমবার

মুক্ত চলচ্চিত্র শিল্প চর্চায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে একদিনের উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 07:42 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

আগামী সোমবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে ‘মনবাড়ি’ নামে একটি সংগঠন। এতে সহায়তা করছে জেলা শিল্পকলা একাডেমি।

‘শিল্পের টানে মিলায়ে প্রাণ হোক চলচ্চিত্রের জয়গান’ এই স্লোগান নিয়ে হতে যাওয়া এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে শোভাযাত্রার মাধ্যমে।

আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী এ উৎসবে থাকছে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়, সেমিনার, কর্মশালা, চলচ্চত্রি প্রদর্শনী ও সম্মাননা প্রদান।

চলচ্চিত্র নির্মাণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় পর্বে উপস্থিত থাকবেন নির্মাতা অনিমেষ আইচ, ওয়াহিদ তারেক ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ওইদিন বিকালে ‘সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র ভাবনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জন। বিকালে চট্টগ্রামের তরুণ নির্মাতাদের সেরা ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফীন অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন এবং সম্মাননা প্রদান করবেন।

চলচ্চিত্র উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।