ইডিইউতে অনুষ্ঠিত হলো প্রযুক্তি মেলা
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) দুই দিনব্যাপী প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর প্রবর্তক মোড়ে ইডিইউর অ্যাকাডেমিক ভবনে ‘টেক ফেস্ট’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, পাঠ্যসূচির বাইরে শিক্ষার্থীদের নিজেদের কিছু উদ্ভাবন করার ইচ্ছেটাই একদিন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করবে।
“আইটি সেক্টরে বর্তমান সময়ের তরুণরা অনেক বেশি সাফল্য এনেছে। তাদের আগ্রহ এই খাতকে আরও বেশি সম্ভাবনাময় করে তুলেছে।”
ইডিইউর ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা আইটি খাত থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইডিইউর স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের আয়োজনে দুই দিনের এই প্রযুক্তি মেলায় ছিল প্রোগ্রামিং কনটেস্ট, ইলেকট্রিক্যাল অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেস ও পোস্টার প্রেজেন্টেশন।
ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এম মশিউল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউর ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল আলম।
