ফ্রান্সের আরএসবিতে অধ্যয়নের সুযোগ পাচ্ছে সিআইইউর ৬ শিক্ষার্থী
ফ্রান্সের রেন স্কুল অব বিজনেস (আরএসবি) এ মার্স্টাস করার সুযোগ পাবেন বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ছয় শিক্ষার্থী।
বুধবার সন্ধ্যায় সিআইইউ মিলনায়তনে স্কাইপের মাধ্যমে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান আরএসবির আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের কর্মকর্তা নলেন প্রি।
এ বিষয়ে সিআইইউর জনসংযোগ কর্মকর্তা রাসেল ইউসুফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআইইউ এবং আরএসবির মধ্যে সম্প্রতি সাক্ষরিত সমঝোতা স্মারকের ফলে এমবিএ শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন।
“সেখানে ফরাসি ও অন্য দেশের মোট সাড়ে চার হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। পাস করার আগেই এ প্রতিষ্ঠানের ৮২ শতাংশ শিক্ষার্থীর বিভিন্ন বহুজাতিক সংস্থায় চাকরি হয়ে যায়।”
নলেন প্রি জানান, আরএসবির ৮৫ শতাংশ শিক্ষকই পিএইচডি ডিগ্রিধারী। বিশ্বের ২৬০টি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে প্রতিষ্ঠানটি।
“সিআইইউর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখানকার ছয় এমবিএ শিক্ষার্থী আরএসবিতে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট বিষয়ে এমএসসি করার সুযোগ পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ, উপদেষ্টা অধ্যাপক এম আইয়ূব ইসলাম, মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ হাসান, ফিন্যান্স বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের, সহযোগী অধ্যাপক মো. নাঈম আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক রাহাত বারী তুহিন।
