২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, ১৮ শিক্ষার্থী আহত

চট্টগ্রামের পটিয়ায় বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 08:13 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

বুধবার উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পটিয়া ক্রসিং এলাকার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার।

তিনি বলেন, চন্দনাইশ উপজেলার ক্যাম্পাস থেকে ক্লাস শেষে শিক্ষার্থীদের নিয়ে শহরে ফিরছিল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস।

শিক্ষার্থীদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের নিষেধ সত্বেও তার মধ্যে একটি বাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ভেল্লাপাড়া ব্রিজের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শিক্ষার্থীরা আহত হন।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা জানান, বিকাল চারটার দিকে আহত ১৮ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়।

তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।