মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রিতে ‘বাসকিন রবিনসকে’ জরিমানা
মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে ‘বাসকিন অ্যান্ড রবিনসকে’ ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পশ্চিম পাশে ‘হল টোয়েন্টিফোর’ সংলগ্ন ‘বাসকিন রবিনসের’ ওই শাখাকে জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন।
ম্যাজিস্ট্রেট আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসকিন রবিনসের ফ্রিজে যে আইসক্রিমগুলো সংরক্ষণ করা ছিল, সবগুলোর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।
“মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির জন্য রাখায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”
নাম প্রকাশ না করে এক পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তা তার দেহরক্ষীকে পাঠিয়ে বাসকিন রবিনস থেকে আইসক্রিম কিনে নেন। বাসায় নেওয়ার পর আইসক্রিমটি মেয়াদোত্তীর্ণ দেখতে পান।
এর পর শুক্রবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
