শাহ আমানতে ৮ সোনার বারসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট ফেরত এক যাত্রীর কাছ থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
এ ঘটনায় আটক যাত্রী মোহাম্মদ মোরশেদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাস্কাট থেকে ইউএস বাংলা এয়ালাইনসের একটি বিমানে করে চট্টগ্রাম আসেন মোরশেদ।
তার শরীর তল্লাশি করে পেটে বিশেষ ভাবে লুকানো অবস্থায় আটটি সোনার বার পাওয়া যায়।
উদ্ধার করা সোনার ওজন ৯২৮ গ্রাম জানিয়ে কাস্টমস কর্মকর্তা কামরুল বলেন, এ পরিমাণ সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
