২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের আন্দোলনে মামলা-হামলার শিকার হলে তা বৃথা যায় না: নোমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়ার পর তাতে সাড়া দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 08:19 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

শনিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলা এক কর্মী সমাবেশে নেতাকর্মীদেরকে আন্দোলনের সর্বাত্মক সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।

নোমান বলেন, “দলের চেয়ারপারসন উপযুক্ত সময়ে আন্দোলনের ডাক দেবেন, তখন সবাইকে সাড়া দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

“দল ও দেশের জন্য আন্দোলন করে মামলা, হামলার শিকার হয়ে আত্মত্যাগ করলে তা বৃথা যায় না। দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি তাদের জোটসঙ্গী জামায়াতকে নিয়ে ওই নির্বাচন ঠেকাতে আন্দোলনে নামে। ২০১৪ সালের ৫ জানুয়ারির ওই নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের ডাকা হরতাল-অবরোধকালীন নাশকতার ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা হয়।

পরবর্তীতে ওই নির্বাচনের বছরপূর্তির দিন থেকে টানা তিন মাসের অবরোধ-হরতালে যানবাহনে অগ্নিসংযোগে মানুষ পুড়িয়ে মারাসহ বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটে। এসব নাশকতায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা জড়িত অভিযোগে সারা দেশে দল দুটির নেতাকর্মীদের বিরুদ্ধে ফের মামলা দায়ের করে পুলিশ।

বর্তমান সরকারের সময়ে দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করে আসা দল বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে নেতাকর্মীদের উদ্দেশে বলেন।

তিনি বলেন, “গণ-আন্দোলন কখনো ব্যর্থ হয় না, তবে অনেক সময় দীর্ঘায়িত হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের কোনো বিকল্প নেই।”

এসময় মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, বিএনপি নেতা আউয়াল চৌধুরী, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউছুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ উপস্থিত ছিলেন।