২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নাগরিক জালালকে চিকিৎসা দেওয়ার নির্দেশ

বাংলাদেশে বেড়াতে এসে পাসপোর্ট হারিয়ে সাড়ে তিন বছর হাজতবাস করা ভারতের নাগরিক জালাল মোহাম্মদকে প্রয়োজনীয় মানসিক চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে নির্দেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 04:54 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

বৃহস্পতিবার তার আইনজীবীর আবেদনে চট্টগ্রামের বিচারিক হাকিম হোসেন তারেক রেজা এ আদেশ দেন।

জালাল মোহাম্মদের আইনজীবী টিআর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। বিষয়টি আদালতকে জানিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে আবেদন করি।

“আবেদন গ্রহণ করে আদালত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধানকে জালালের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।”

আদালতের আদেশসহ জালালকে বৃহস্পতিবার সন্ধ্যায় চমেক হাসপাতালে নেওয়া হবে বলে জানান এই আইনজীবী।

তিনি বলেন, “দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন। ওই সময়ে পরিবারের কারও সঙ্গে তার যোগাযোগ হয়নি। তিনি কোনো কোনো প্রশ্নের জবাব দেন এবং কোনো প্রশ্নের জবাব দেন না।

“তার মানসিক অবস্থা এখন কোন পরিস্থিতিতে আছে সেটা চিকিৎসক ভালো বলতে পারবে। তাই তার চিকিৎসার ব্যবস্থা চেয়ে আবেদন করেছিলাম।”

বুধবার টেলিফোনে আলাপের সময়ও বিডিনিউজ প্রতিবেদকের করা কয়েকটি প্রশ্নের উত্তরে চুপ ছিলেন জালাল।

২০১৩ সালের ২৭ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় পেপার মিল এলাকায় ঘোরার সময় নিজের ব্যাগ হারিয়ে ফেলেন জালাল। ওই ব্যাগে তার পাসপোর্টসহ কাগজপত্র ছিল।

সেদিন স্থানীয়রা খবর দিলে পুলিশ জালালকে বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখায়।

এরপর প্রায় সাড়ে তিন বছর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন জালাল। বিষয়টি নজরে এলে আইনজীবী টিআর খানের নেতৃত্বে কয়েকজন আইনজীবী তার জামিনের আবেদন করেন।

আবেদনকারী টিআর খানের জিম্মায় জালালকে জামিন দেয় আদালত। ওই মামলায় গত সাড়ে তিন বছরেও জালালের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি। মামলাটি এখন যু্ক্তিতর্ক পর্যায়ে আছে।

জালাল জানান, তার বাড়ি ভারতের শিলিগুঁড়ি এলাকার কঁচুবাড়ি গ্রামে। তার বাবার নাম আলিম উদ্দিন ও মার নাম হাসিনা।

অবিবাহিত জালালের নয় ভাই-বোন আছে। নিজের গ্রামে তিনি কৃষিকাজ করতেন। বাংলা ও হিন্দিতে মিলিয়ে কথা বলেন জালাল।

জামিনে মুক্তি পেয়ে আইনজীবীর প্রশ্নের জবাবে হেঁটেই নিজের বাড়ি ফেরার ইচ্ছের কথা জানিয়েছিলেন জালাল।

তাকে ঘরে ফেরাতে ইতিমধ্যে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন আইনজীবী টিআর খান।

নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হলেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত সহকারী হাই-কমিশনার সোমনাথ হালদার।

পুরনো খবর:

কারামুক্ত হয়ে হেঁটেই বাড়ি ফিরতে চান ‘ভারতীয়’ জালাল