২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব পালনের সময় মারা যাওয়া চট্টগ্রামের ১৪ পুলিশ সদস্যকে স্মরণ

দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যু বরণকারী চট্টগ্রামের বাসিন্দা ১৪ পুলিশ সদস্যকে স্মরণ করেছে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 03:57 PM

Updated : 19 Aug 2022, 03:53 PM

বুধবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০১৭’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের স্মরণ করা হয়।

এই অনুষ্ঠানে ২০০৬ থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা চট্টগ্রাম বিভাগের বাসিন্দা পুলিশ সদস্যদের স্মরণ করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পাশাপাশি আরও নয়টি ইউনিট।

বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে মৃত/নিহত পুলিশ সদস্যদের স্মরণ করতে এ বছর থেকে সারা দেশব্যাপী ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রামের এই অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় মৃত্যু বরণকারী চট্টগ্রাম বিভাগের বাসিন্দা পুলিশ পরিদর্শক মো. ইউনুস সরকার, এসআই দিলীপ কুমার শর্মা, এএসআই মো. শাহেদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. জানে আলম, এটিএসআই জয়নাল আবেদীন, কনস্টেবল বিভু রঞ্জন দত্ত, এমা. কাইয়ুম, নুরুল ইসলাম, আব্দুর রহমান, ইউনুস মিয়া, শফি উদ্দিন মিয়া ও মো. মোস্তফার পরিবারকে স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী ২০১৩-২০১৪ সালে পুলিশ সদস্যদের ওপর হামলার বিষয়টি তুলে ধরে সে প্রসঙ্গে কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, “আপনারা খেয়াল করেছেন, যখন পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা বা আহত করা হচ্ছে, তখন তাদের আশপাশে অনেক মানুষ দাঁড়িয়ে প্রত্যক্ষ করছে, কিন্তু বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি।

“আমরা এমন চাকরি করি, যখন মানুষ ঘুমিয়ে থাকে, আমরা না ঘুমিয়ে রাতের পর রাত জেগে থাকি। উৎসবে যখন মানুষ বাড়িতে যায়, আমরা মানুষের সম্পদ ও বাড়ি পাহাড়া দিই।”

ডিআইজি শফিকুল বলেন, “আমরা যদি এক রাত না জেগে ঘুমিয়ে থাকি, তাহলে অনেক সম্পদশালী মানুষ সম্পদহীন হয়ে যাবে। বাবা তার সন্তানকে নিয়ে পরদিন রাস্তায় বের হতে পারবে না।”

জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের আহ্বান জানান এ পুলিশ কর্মকর্তা।

রেঞ্জ পুলিশ ছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ, র‌্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও পিবিআই অংশ নেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের খবরাখবর নেওয়ার পাশাপাশি সহযোগিতা করার জন্য থানার ওসিদের পরামর্শ দেন।

তিনি বলেন, “জনগণের সাথে পুলিশের দূরত্ব কমে আসছে। সেজন্য পুলিশের প্রাক্তন সদস্যরা জনগণ ও পুলিশের সাথে সেতু বন্ধনে কাজ করে যাচ্ছেন।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন, চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. শাহাবউদ্দিন, মহানগর কমান্ডার মোজাফ্ফর আহমদ, নিহত পুলিশ সদস্য এএসআই শাহেদুল আলমের স্ত্রী রাশেদা তাসনিমসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।