২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুলকে চট্টগ্রামে ডাকতে পারেন তদন্ত কর্মকর্তা

স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে সাবেক এসপি বাবুল আক্তারকে চট্টগ্রামে ডাকতে পারেন তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 08:13 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

মিতুর পরিবার থেকে বাবুলের বিরুদ্ধে সম্প্রতি যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এই অতিরিক্ত উপ-কমিশনার।

মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত রোববার ঢাকায় গিয়ে মিতু ও বাবুলের কয়েকজন বোনের সঙ্গে কথা বলেছেন তিনি। বাবুল-মিতুর মধ্যে পরিবারিক কলহ চলছিল বলে মিতুর স্বজনরা জানিয়েছেন।

গত বছরের ৫ জুন সকালে চট্টগ্রাম শহরে মিতু খুন হওয়ার পর থেকে আলোচনায় বাবুল আক্তার। তিনি চট্টগ্রাম থেকে বদলি হয়ে ঢাকায় কর্মস্থলে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে।

এরপর চট্টগ্রামে গিয়ে মামলা করে দুই সন্তানকে নিয়ে ঢাকায় বনশ্রীতে শ্বশুর বাড়িতে উঠেছিলেন বাবুল। সেখান থেকে তাকে হঠাৎ একদিন তুলে নিয়ে  ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করলে তা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।

তখন পর্যন্ত শ্বশুরবাড়ির লোকজন বাবুলের পক্ষেই ছিল। এরমধ্যে বাবুল পুলিশের চাকরি ছাড়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়ে শ্বশুরবাড়ি ছাড়েন।

প্রথমে বাবুল আক্তারের পক্ষে থাকলেও এখন মিতু হত্যাকাণ্ডে বাবুলের দিকে সন্দেহ মিতুর পরিবারের।

Image
মাহমুদা আক্তার মিতু

মাহমুদা আক্তার মিতু

এ প্রেক্ষাপটে সোমবার বিকালে ফেইসবুকে এক স্ট্যাটাসে বাবুল শ্বশুরবাড়ির সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হওয়ার কথা জানান। এর কারণ হিসেবে বিয়েসহ নানা চাপ দেওয়ার অভিযোগ করেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

তদন্ত কর্মকর্তা বলেন, “এটি চাঞ্চল্যকর হত্যা মামলা। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে জানার জন্য আমরা তাদের (মিতুর পরিবার) জিজ্ঞাসাবাদ করেছি।

“তারা যেসব কথা-বার্তা বলেছে, সেগুলো নতুন করে যাচাই করার জন্য হয়ত আমরা বাদীকে (বাবুল আক্তার) আবার ডাকব।”

বাবুলকে কবে ডাকা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, “আমি আরও কাউকে জিজ্ঞাসাবাদ করব। তারপরে তাকে হয়ত আবার ডাকব।”

মামলাটি নিয়ে এর আগেও বাবুলের সঙ্গে তদন্ত কর্মকর্তার কথা হয়েছে, তবে তা ফোনে বলে ফেইসবুকে ওই স্ট্যাটাসে লেখেন বাবুল।

পুরনো খবর:

শ্বশুরের সন্দেহের জবাব দিলেন বাবুল আক্তার