২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেন্ডার নিয়ে সংঘর্ষে ছাত্রলীগের সাবেক দুই নেতার অনুসারীরা

পতেঙ্গা এলাকার একটি ঘাটের ইজারার দরপত্র নিয়ে চট্টগ্রাম নগর ভবন ও এর আশেপাশের এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের সাবেক দুইনেতার পক্ষের অনুসারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 08:46 PM

Updated : 11 Oct 2022, 01:30 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

বুধবার বেলা সাড়ে ৩টায় দরপত্র নিয়ে নগর ভবনে দুইপক্ষের হাতাহাতির পর বিকাল ৫টার দিকে নগরীর আন্দরকিল্লা এলাকায় নগর ভবনের বাইরেও তারা সংঘর্ষে জড়ায়, যাতে তিনজন আহত হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) কয়েকজন কর্মকর্তা জানান, সিসিসি পরিচালনাধীন পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের ইজারার জন্য দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিল বুধবার। বেলা সাড়ে ৩টার দিকে দুইপক্ষের কর্মীরা দরপত্র জমা দেওয়া নিয়ে নগর ভবনের দ্বিতীয় তলায় হাতাহতিতে জড়ায়।

এরপর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন তাদের বকাঝকা করে নগর ভবন থেকে বের করে দেন। এরপর ভবনের বাইরে গিয়ে দুইপক্ষ থেমে থেমে সংঘর্ষে জড়ায়।

বিকালে নগর ভবনের বাইরে বন্দুক, কিরিচ, লাঠি রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আন্দরকিল্লা এলাকায় দুইপক্ষের কর্মীদের অবস্থান নিতে দেখা যায়।  এসময় পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে একটি কাজের দরপত্র জমা দেওয়ার দিন ছিল। এ নিয়ে দুইপক্ষের মধ্যে নগর ভবনের ভেতরে বাইরে হাতাহতি হয়েছে।”

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেন, “গোলাগুলির কোনো শব্দ শুনিনি।”

সংঘর্ষে আহত অভিজিৎ (২৫), অশোক দেব লিটন (৩৭) ও পথচারী তৌহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, তাদের শরীরে ছড়রা গুলির আঘাত রয়েছে।

এ বিষয়ে কথা বলতে নগর ভবনে যাওয়া বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া সিসিসির কোনো কর্মকর্তাই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভুল বোঝাবুঝি: মেয়র

দরপত্র নিয়ে নিজ অনুসারীদের সংঘর্ষের বিষয়ে সিটি মেয়র  নাছির উদ্দিন বলেছেন, এটা ‘স্রেফ ভুল বোঝাবুঝি’।

সংঘর্ষের পর বুধবার রাতে নগর ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্রেফ একটা ভুল বোঝাবুঝি। এটার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নাই। কোনো টেন্ডার বা হাবিজাবি কিছুর সাথে সম্পর্ক নাই।”

গত দেড় বছরেরও বেশি সময় ধরে নিজের দায়িত্ব পালনকালে কোনো অনিয়ম, দুর্নীতি হয়নি বলে দাবি করেন মেয়র।

“আমি দায়িত্ব পালনকালে প্রায় সাতশ কোটি টাকার টেন্ডার হয়েছে। কোনো শিডিউল কেনা বা ড্রপ করা নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয় নাই। এখন ই-জিপিতে চলে গেছি।”

“আমাদের কিছু হাটবাজার বা ঘাটের ইজারা অফলাইনে হয়। অনেক ধরনের লোক তো এখানে (নগর ভবন) আসে। হয়ত ধাক্কাধাক্কি হয়েছে। ফলে একটা সিন ক্রিয়েট হয়েছে। এটার সাথে টেন্ডারের কোনো সম্পর্ক নাই,” বলেন তিনি।

ছাত্রলীগের এসব কর্মকাণ্ডের সমালোচনা করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির বলেন, “গায়ে লাগলে যে হাতাহাতি করতে হবে, মারামারি করতে হবে, দল ভারী করতে হবে- এটা ঠিক না।”