২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মামলার সম্পূরক অভিযোগপত্রে ফের মৃধার নাম

রেলের নিয়োগে দুর্নীতির সাত মামলায় অব্যাহতি পাওয়ার পর আদালতের নির্দেশে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে আবারও আসামি করা হয়েছে পূর্ব রেলের বরখাস্ত মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 02:14 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

চট্টগ্রাম আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় বৃহস্পতিবার এসব অভিযোগপত্র জমা পড়ে।

এর আগে আদালতের নির্দেশে পুনঃতদন্ত শেষ করে গত ৩ ও ৪ জানুয়ারি সম্পূরক অভিযোগপত্রগুলো অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন।

হাই কোর্টের একটি পর্যবেক্ষণের ভিত্তিতে ২০১৬ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এসব মামলা অধিকতর তদন্তের জন্য দুদকে ফেরত পাঠান।

মামলাগুলোর মধ্যে তিনটির পুনঃতদন্ত করেন দুদকের রাজশাহী কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া (সাবেক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক) এবং চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সৈয়দ আহমদ করেন চারটির পুনঃতদন্ত।

সৈয়দ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত করে আমরা ইউসুফ আলী মৃধার জড়িত থাকার প্রমাণ পেয়েছি। তাই সবগুলো মামলাতেই তাকে আসামি করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে অনুমোদন পাওয়ার পর সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।”

রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেড অ্যাপ্রেন্টিস, রেকর্ড কিপার, কোর্ট ইন্সপেক্টর, শরীর চর্চা শিক্ষক, গুডস সহকারী, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর ও কার্পেন্টার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ওই সাতটি মামলা করা হয়।

এর মধ্যে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের মামলায় ইউসুফ আলী মৃধাসহ সর্বোচ্চ ৩০ জনকে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়েছে বলে সৈয়দ আহমদ জানান।

ট্রেড অ্যাপ্রেন্টিস ছাড়াও রেকর্ড কিপার, কোর্ট ইন্সপেক্টর ও শরীর চর্চা শিক্ষক পদে নিয়োগে দুর্নীতির মামলাগুলো পুনঃতদন্ত করেন সৈয়দ আহমদ।

দুদক রাজশাহী অঞ্চলের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার পুনঃতদন্ত করা তিনটি মামলার সম্পূরক অভিযোগপত্রেও ইউসুফ আলী মৃধাকে আসামি করা হয়েছে।

২০১২ সালের ৯ এপ্রিল রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশ পেলে তা নিয়ে শোরগোল শুরু হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, ফারুকের সঙ্গে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। রেলের জিএম ইউসুফ ও কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন।

এরপর তাদের বিরুদ্ধে অনুসন্ধানে শুরু করে দুদক। ইউসুফ আলী মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন ওমর ফারুক।

দুদকের প্রাথমিক অনুসন্ধানের পর বলা হয়, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন পদে ১ হাজার ১১৭ জনকে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে ২০১২ সালে মৃধার বিরুদ্ধে বন্দরনগরীর কোতোয়ালি থানায় ১৪টি মামলা করা হয়।

কিন্তু তদন্ত শেষে সাতটি মামলায় ইউসুফ আলী মৃধাকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় দুদক।

পূর্ব রেলের সহকারী লোকোমাস্টার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে করা একটি মামলায় নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়নকারী তিন শিক্ষককে অভিযোগপত্রে আসামি করা হলে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা।

এর প্রেক্ষিতে ২০১৫ সালের ২৪ মে হাইকোর্টের একটি বেঞ্চের দেয়া আদেশে মৃধাকে বাদ দিয়ে ওই মামলাটিতে অভিযোগপত্র ‘যথার্থ হয়নি’ উল্লেখ করে তাকে অন্তর্ভুক্ত করেই মামলা পরিচালনায় নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়।

এরপর অভিযোগ থেকে মৃধার বাদ পড়া সাত মামলা পুনঃতদন্তের নির্দেশ দেয় চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।

২০১২ সালে দুদক অনুসন্ধান শুরুর পর আত্মগোপনে গিয়েছিলেন মৃধা। এরপর ২০১৪ সালের ৩ মার্চ তিনি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও মৃধার বিরুদ্ধে আদালতে আলাদা মামলা আছে।

পুরনো খবর:

সেই ৭ মামলায় চার্জশিট হচ্ছে ইউসুফ মৃধার বিরুদ্ধে