২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা

নগরীর বকশিরহাট, কোরবানিগঞ্জ, খাতুনগঞ্জ ও আগ্রাবাদ এলাকায় ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 07:04 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

বুধবার চট্টগ্রাম সিটি করপোরশনের (সিসিসি) দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার বকশির হাট, কোরবানিগঞ্জ এবং খাতুনগঞ্জ এলাকায় ১১ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন।

সিসিসির আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শারমিনের নেতৃত্বে আগ্রাবাদ এলাকায় ১৫ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে বকশির হাট-কোরবানিগঞ্জ-খাতুনগঞ্জ এলাকার মমতাজি ক্লথ স্টোর, আল মদিনা বেডিং স্টোর, শাহ আমানত নিউ জাহাঙ্গীর ভাতঘর, মদিনা বহুমুখী খামার, আল মদিনা ট্রেডার্স এবং সাতকানিয়া ভাতঘরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া দিদার বেডিংকে তিন হাজার টাকা, কনিকা স্টোর ও শাহ আমানত ভাতঘরকে দুই হাজার টাকা করে এবং বাকি দুটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

সনজীদা শারমিনের নেতৃত্বে অন্য ভ্রাম্যমাণ আদালত আগ্রাবাদ লাকী প্লাজার সোমা জুয়েলার্স, নীল পরি ও জ্যোতি ডিপার্টমেন্টাল স্টোরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

এছাড়া অন্য ১২টি প্রতিষ্ঠানকে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা করে আদালত।