নাম পাল্টে দুই বছর আত্মগোপন, অবশেষে ধরা
নাম পাল্টেও রক্ষা হলো না চট্টগ্রামে সাবেক এক রেল কর্মচারিকে ‘হত্যাকারী’ যুবকের; হত্যাকাণ্ডের দুইবছর পর কক্সবাজার থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের হাতে ধরা পড়ল অভিযুক্ত এ যুবক।
মঙ্গলবার সকালে কক্সবাজারের এন্ডারসন রোড থেকে মো. ফোরকান নামে (৩৫) এ যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান পিবিআইর পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান।
ফটিকছড়ি উপজেলোর দৌলতপুরের বাসিন্দা গেদা মিয়ার ছেলে গ্রেপ্তার ফোরকান, যিনি মামুন নাম ধারণ করে দুই বছর কক্সবাজারে আত্মগোপনে ছিলেন ।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাটহাজারি উপজেলার নাজিরহাট এলাকা থেকে নাজিরহাট রেল স্টেশনের সাবেক মাস্টার রামেন্দু পালিতের (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন ফোরকান।
পিবিআইর পরিদর্শক মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাজিরহাট কলেজ এলাকায় ফোরকানের ‘ভাই ভাই ইলেক্ট্রিক অ্যান্ড হার্ডওয়ার’ নামে একটি দোকান ছিল। তিনি রামেন্দুর কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলেন।
“টাকা পরিশোধ না করতে ফোরকান রামেন্দুকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।”
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রামেন্দু টাকা আদায়ের জন্য ফোরকানের কাছে যায়।
“এক পর্যায়ে রামেন্দুকে গলা কেটে হত্যা করে দোকানের পেছনে লাশ পুঁতে রাখে এবং পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে।”
লাশ উদ্ধারের পর নিহতের মেয়ের জামাতা বিপ্লব খাস্তগীর ফোরকানকে আসামি করে একটি মামলা করেন জানিয়ে তিনি বলেন, “হত্যাকাণ্ডের পর ফোরকান ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান।”
দীর্ঘদিন ধরে থানা পুলিশ ফোরকানের খোঁজ না পাওয়ায় মামলাটি পিবিআই তদন্তের দায়িত্ব নেয়।
মোস্তাফিজ বলেন, দীর্ঘদিন খোঁজ খবর নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফোরকানের বড় ভাইয়ের সন্ধান পাওয়া যায়। পরে ফোরকানের সন্ধান মেলে কক্সবাজারে।
“ফোরকান কক্সবাজারে গিয়ে তার নাম পরিবর্তন করে মামুন রাখেন। এসময় সে বিভিন্ন হোটেলে বয় হিসেবে কাজ করতেন। পরে এন্ডারসন রোডে নিজে একটি কলার দোকান শুরু করেন।”
