ক্রিকেট খ্লেতে গিয়ে স্ট্যাম্পের আঘাতে কিশোরের মৃত্যু
চট্টগ্রামে ক্রিকেট খেলার সময় স্ট্যাম্পের আঘাতে এক কিশোরের মৃত্যু ঘটেছে।
নিহত মো. ফয়সাল (১৫) সদরঘাট থানার মরিচ্চা পাড়া এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। পরিবারের অন্য সদস্যদের সাথে পান বিক্রি করতেন তিনি।
রোববার বিকালে নগরীর কলেজিয়েট স্কুলে খেলার সময় তার মৃত্যু ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে ফয়সাল, তার ছোট দুই ভাই ও স্থানীয় কিশোররা মিলে কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট খেলতে যায়।
“এসময় ক্রিকেট পিচের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্ট্যাম্প ছুড়ে মারলে সেটা ফয়সালের মাথা ও কানে লাগে।”
ফয়সলকে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ৬টার দিকে ফয়সালকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ট্যাম্পটি অসাবধানতাবশত ছুড়ে মারা হয়েছিল, না কি কোনো উদ্দেশ্যে ছোড়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি মর্জিনা জানান।
