২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নানা আয়োজনে শেষ হলো লোকসংস্কৃতি উৎসব

চট্টগ্রামে ঐতিহ্যবাহী নাচ-গান, শোভাযাত্রা আর আলোচনায় শেষ হলো দুই দিনের লোকসংস্কৃতি উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 08:24 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে ষষ্ঠবারের মতো আয়োজন করা হয় ‘রুপচাঁদা লোকসংস্কৃতি উৎসব-২০১৭’।

‘লোক রং-এ রাঙিয়ে দাও মনুষ্যত্বের আলো’ স্লোগান নিয়ে নগরীর ডিসি হিলের নজরুল মঞ্চে এবারে উৎসব শুরু হয় বৃহস্পতিবার। শুক্রবার উৎসবের শেষ দিনেও ছিল নানা আয়োজন।

বিকালে আলোচনা সভায় বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, “বাংলাদেশের সংস্কৃতি গ্রামনির্ভর, মূলত গ্রামেরই সংস্কৃতি।

“গ্রামীণ সংস্কৃতির মূল বাণী- সৌহার্দ্য। শহরে তো এক অ্যাপার্টমেন্টের বাসিন্দারা পাশের অ্যপার্টমেন্টের খবর রাখেন না। গ্রামের একজন লোক পুরো গ্রামের খবর রাখেন।”

তিনি বলেন, “লোকসংস্কৃতি আমাদের মনুষ্যত্বের বলে বলীয়ান করে তোলে। জারি, সারি, বাউল, ভাটিয়ালি, লালন, বৈষ্ণব, মাইজভান্ডারি গানের প্রধান কথাই হলো প্রেম। আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।”

সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক মোবাররা সিদ্দিকা ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের জেনারেল ম্যানেজার ইনাম আহমেদ।

স্বাগত বক্তব্য দেন সংঘের পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব।

এর আগে শুক্রবার সকালে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পী খাজা কাইয়ূম।

শুক্রবার বিকালের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ‘হালদা ফাডা গান’ পরিবেশন করে কক্সবাজার জেলার পেকুয়া এলাকার শিল্পী এস্তফা খানম ও জাহাঙ্গীর আজাদ। 

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সমাজ সমীক্ষা সংঘ সাংস্কৃতিক দল। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন প্রেমসুন্দর বৈষ্ণব জুটি, নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশন করেন শাহ্‌নাজ হাশেম মামুন ও রায়হান কায়সার হাশেম।

আদিবাসী নৃত্য পরিবেশন করেন কক্সবাজারের আরিয়ান রাখাইন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। সিলেটের আঞ্চলিক গান করেন লাভলী দেব। সবশেষে গান পরিবেশন করে ‘জলের গান’।

বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুর হয়। উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক, কবি-সাংবাদিক আবুল মোমেন, ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ এবং সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ খসরু।

এবারের উৎসবে ড. রশীদ আল ফারুকী পদকের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে মনোনীত করা হয়।

তার অনুপস্থিতিতে উৎসবের প্রথম দিন সম্মাননা গ্রহণ করেন মাহবুবুল হক।

এরপর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট ও গানের দল লোকরঙ। সঙ্গীত পরিবেশন করেন সঞ্জয় রায়, সৈয়দ মানিক ও তার দল এবং কুষ্টিয়ার টুনটুন বাউল।