চট্টগ্রামে পুড়ল দোকান-বসত ঘর
চট্টগ্রামের হালিশহরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে ১১টি দোকান ও ১৩টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে হালিশহরের এ ব্লক বাস স্টেশন এলাকায় স্থানীয় সিরাজুল আমিনের মালিকানাধীন দোকান ও ঘরগুলোতে আগুন লাগে।
খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া কাঁচাপাকা দোকানগুলোর মধ্যে পাঁচটি মুদি, দুটি ওষুধ ও দুটি চায়ের দোকান, একটি কামারের দোকান এবং সাইকেল যন্ত্রাংশ ও টায়ার টিউবের একটি দোকান রয়েছে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় দোকান ও ঘরের মালামাল পুড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জসিম জানিয়েছেন।
