পুলিশ পরিদর্শকের অপসারণ চেয়ে হাটহাজারীতে বিক্ষোভ
মাদক চক্র ও ভূমিদস্যুদের ‘ইন্ধন দেওয়ার’ অভিযোগ তুলে চট্টগ্রামের হাটহাজারী থানার এক পুলিশ কর্মকর্তার অপসারণ চেয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ফতেয়াবাদে মানববন্ধন ও সমাবেশ করে হাটহাজারী থানায় পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলামের অপসারণ দাবি করেন উপজেলার চিকনদণ্ডী ও ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের মানুষ।
এই কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাও ছিলেন।
মানববন্ধনকারীদের অভিযোগ, পরিদর্শক শরীফুল ফতেয়াবাদ এলাকার সন্দ্বীপ কলোনির ‘চিহ্নিত সন্ত্রাসী, ভূমি দস্যু ও মাদক ব্যবসায়ী’ সুমন, ভূমিদস্যু এলজি ভূট্টো, হাসান, মঞ্জু নামে কয়েকজনকে বিভিন্ন অপরাধমূলক কাজে ইন্ধন দিচ্ছেন।
ঝাড়ু, ব্যানার-পোস্টার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ কর্মকর্তা শরীফুলকে অপসারণের দাবি জানান।
এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানার অভ্যন্তরীন কিছু বিষয় নিয়ে এক পক্ষের ইন্ধনে স্থানীয় লোকজন এ মানববন্ধন ও সমাবেশ করেছে।”
