এসএসসি: চট্টগ্রামে প্রথম দিনে অনুপস্থিত ৩২৫
চট্টগ্রাম বোর্ডের অধীনে এবছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩২৫ জন শিক্ষার্থী।
বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের এই পরীক্ষা শুরু হয়েছে।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৮৬ হাজার; এর মধ্যে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১০ হাজার ৪২০ জন।
পরীক্ষা শেষে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বাংলা প্রথম পত্রে এক লাখ ১০ হাজার ৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।”
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় মোট কেন্দ্র সংখ্যা ১৭১টি।
এর মধ্যে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৮০ হাজার ৭২৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২০ জন এবং কক্সবাজার জেলার ১৪ হাজার ৪৯৪ পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এছাড়া রাঙামাটিতে ছয় হাজার ৫৫ জনের মধ্যে ১৬ জন, বান্দরবান জেলায় দুই হাজার ৪৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন, খাগড়াছড়ি জেলায় ছয় হাজার ৩৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে কোনো শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
