২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদকের মামলায় একজনের যাবজ্জীবন

আট বছর আগে বাসা থেকে হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 06:07 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. হারুন ঘটনার শুরু থেকেই পলাতক। হারুন কুমিল্লার দেবীদ্বার থানার বিষ্ণুপুর গ্রামের মৃত জহর আলীর ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার মাস্টার পোল খেজুর তলা এলাকার মামুনের কলোনির ভাড়া বাসায় থাকতেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ওই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

“পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের সাজা দিয়েছেন।”

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর হারুনের মাস্টার পোল এলাকার বাসায় অভিযান চালিয়ে ৩৬ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম বাদি হয়ে ঘটনার দিনই মামলা করেন। এ মামলায় ওই বছরের ৩০ অক্টোবর অভিযোগপত্র দেওয়ার পর ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে আদালত।

মামলার সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় দেয়।