২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১ টন জাটকা জব্দ

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক টন জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 08:21 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

সোমবার বিকালে কোতোয়ালি থানার ফিশারিঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয় বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে খবর পেয়ে দুপুরে ফিশারিঘাট এলাকায় অভিযান চালালে এসব জাটকা ইলিশ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের উপস্থিতিতে জাটকাগুলো জব্দ করা হয় বলে জানান কামাল।

মৎস্য অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক সেগুলো ফেলে চলে গেছে বলে ধারণা এই মৎস্য কর্মকর্তার।

তিনি জানান, জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণের জন্য সমাজ সেবা অধিদপ্তরকে দেওয়া হয়েছে।