২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ-সন্ত্রাস শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী উৎকণ্ঠার বিষয় মন্তব‌্য করে মেধাবী ছেলে-মেয়েরা যাতে আত্মঘাতী এ পথে পা না বাড়ায় এজন্য অভিভাবকসহ সবাইকে সচেতন থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 10:20 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

শনিবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “মেধাবী ছাত্ররা জঙ্গিবাদের পথে চলে যায়, এটা সত‌্যিই দুঃখজনক।তাদের জীবন মূল্যবান, তাদের মেধা আমাদের দেশের জন্য প্রয়োজন।

“তারা যেন ভুলপথে পা না বাড়ায়, আত্মঘাতী না হয় এজন্য আপনাদের সচেতন থাকতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে সরকার সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছে।

“তারা (শিক্ষার্থীরা) যেন মানুষের মতো মানুষ হয় সে ব্যাপারে সকলে সহযোগিতা করবেন।”

প্রধানমন্ত্রী চট্টগ্রামের এই অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে এগিয়ে নিতে প্রকৌশলীদের সহযোগিতা কামনা করেন।

বঙ্গবন্ধুকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, “তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এ স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা আমাদের দায়িত্ব।

“আমাদের জীবন থেকে পঁচাত্তরের ১৫ অগাস্টের পর থেকে ১৯৯৬ পর্যন্ত ২১টা বছর অবহেলায় হারিয়ে গেছে। একটা মুহুর্তও আমি হারাতে চাই না। তাই ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমি যতটুকু পেরেছিলাম উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছি।

“যে ধারাবাহিকতা আমরা শুরু করেছিলাম সেটা যদি বজায় থাকত তাহলে আর কথা ছিল না। ২০০১ সাল থেকে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ছিল। যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইবে না। এভাবেই হেলায় চলে গেছে আরও সাতটি বছর।”

এবার টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

“সরকারের ধারাবাহিকতা থাকায় উন্নয়ন কাজগুলো দৃশ্যমান হচ্ছে এবং উন্নয়নের কাজগুলো সম্পন্ন করতে পারছি; যেটা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পারিনি।”

প্রকৌশলীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের উন্নয়ন বাজেট চার-পাঁচগুণ বাড়িয়েছি। ৪০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। এসব প্রকল্প সম্পন্ন করা অনেকাংশইে প্রকৌশলীদের ওপর নির্ভর করে।

“আপনারা আন্তরিকতার সাথে কাজ করলে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা দ্রুততার সাথে শেষ করা যাবে। আমাদের হাতে দুই বছর সময় আছে।এরপর আবার নির্বাচন হবে। যদি এদেশের মানুষ ভোট দেয় তাহলে আবার ক্ষমতায় আসলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা হবে।”

এসব উন্নয়ন প্রকল্পের সাথে যুক্তদের দ্রুত মানসম্পন্নভাবে কাজগুলো করার তাগাদা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার দায়িত্ব সততার সাথে, নিষ্ঠার সাথে যে যার অবস্থান থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্মাণ কাজ শুধু নির্মাণের জন্য না। আধুনিক প্রযুক্তি সম্পন্ন নির্মাণ কাজ চাই।”

বর্তমানে দেশের ৮০ ভাগ লোক বিদ্যুৎ পাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের লক্ষ্য শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা, সব ঘরে ঘরে বিদ্যুৎ যাবে।”

পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এছাড়া নয় হাজার ৫৬০ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ এবং এক লাখ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

কনভেনশনে অন‌্যদের মধ্যে বক্তব্য রাখেন আইইবি সভাপতি কবির আহমদ ভুইয়া, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি সাদেক মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন।

অনুষ্ঠানে দুই প্রকৌশলী অধ্যাপক হাবীবুর রহমান ও মেজর জেনারেল আবু সাইম মো. মাসুদকে আইইবি স্বর্ণপদক দেন প্রধানমন্ত্রী।

চারদিনের এ কনভেনশন চলবে সোমবার পর্যন্ত। সমাপণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।