চট্টগ্রামে দগ্ধ দাদি ও নাতনি বাঁচল না
চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকায় এক বাড়িতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মধ্যে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ জানান, শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে দাদি ছমুদা খাতুন (৭০) ও নাততি ইফতি (১৭) মারা যায়।
ইফতির ভাই অরিফকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ চিকিৎসক।
শুক্রবার ভোরে বিকট বিস্ফোরণের পর বন্দর নগরীর পশ্চিম বাকলিয়া দেওয়ান বাজার এলাকার নিরাপদ হাউজিং সোসাইটিতে ‘মাদ্রাসা আরবিয়া খাইরিয়া এতিমখানা’ নামের ছয় তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন ধরে যায়।
বিকট শব্দে বিস্ফোরণের পর ওই ভবনের সবকটি ফ্ল্যাটের দরজা, জানলার কাচ ভেঙে যায়, পাশের একটি ভবনের দেয়াল ধসে পড়ে। এছাড়া সামনের আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল ঘুরে দেখে জানায়, ঘরে গ্যাস জমে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
