হাটহাজারীতে পুড়ল দোকান-কারখানা
চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক অগ্নিকাণ্ডে দোকান, গ্যারেজ, ওয়ার্কশপ ও কারখানা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার নজুমিয়া হাটের আসাদ মার্কেট এলাকায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা এ আগুনে দুটি গ্যারেজ, একটি ওয়ার্কশপ ও একটি স্টিল আলমারির দোকান পুড়ে গেছে বলে বিশ্বান্তর জানিয়েছেন।
এর আগে বুধবার রাত ৩টার দিকে উপজেলার আলীপুর এলাকায় একটি মোমবাতি তৈরির কারখানায় আগুন লাগে।
বিশ্বান্তর বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানাটির আধাপাকা ভবনে আগুন লাগে বলে তারা ধারণা করছেন।
খবর পেয়ে বায়েজিদ ও হাটহাজারী স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
