২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নৌকা ডুবে নারীর মৃত‌্যু

ত্রিশ জনের বেশি মানুষ নিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া নৌকার এক নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 09:13 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বুধবার সন্ধ্যায় পতেঙ্গা ১১ নম্বর ঘাট থেকে নদী পার হওয়ার সময় অন‌্য পাড়ে মেরিন একাডেমি ঘাট সংলগ্ন এলাকার কাছাকাছি গিয়ে নৌকাটি ডুবে যায়।

ঘণ্টাখানেক পর রিনা দাশ (৪০) নামে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদী থেকে উদ্ধারের পর ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে রিনা দাশকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিনা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি এলাকার অধীর দাশের স্ত্রী।

নৌকাটির আরও দুই যাত্রীকে নদী থেকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন মো. রুবেল (২০)। অন্যজন ৪০ বছর বয়সী এক পুরুষ, তার নাম জানা যায়নি।

তারা চিকিৎসাধীন বলে জানান নায়েক হামিদ।

ডুবে যাওয়া নৌকার যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠেছেন বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল।

“কেউ নিখোঁজ আছেন কি না, তা এখনও নিশ্চিত নয়,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

রাত ১০টায়ও ঘটনাস্থলের আশেপাশে নদীতে তল্লাশি চালাচ্ছিলেন কোস্টগার্ড সদস‌্যরা।

কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক বলেন, “অধিকাংশ যাত্রী সাঁতরে উঠে গেছে বলে জেনেছি। কেউ নিখোঁজ আছে কি না, সেজন্য তল্লাশি চালাচ্ছে।”