২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভাসমান দোকান উচ্ছেদ, ইট-বালু জব্দ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত বায়েজিদ এলাকায় প্রায় একশ ভাসমান দোকান উচ্ছেদ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 08:35 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিনের নেতৃত্বে পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালত চকবাজার প্যারেড মাঠ সংলগ্ন ফুটপাত থেকে চার ট্রাক ইট-বালুও জব্দ করে।

সিসিসির জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়েজিদ বোস্তামী থানার সেনানিবাস গেট থেকে পলিটেকনিক মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে সিটি করপোরেশনের নালা ও ফুটপাতের উপর থাকা শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

এদিকে সিসিসির আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে পাহাড়তলি থানার অলঙ্কার মোড় ও ডিটি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ১৩ টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

যুথিকা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেড লাইসেন্স না থাকায় ১২টি প্রতিষ্ঠানকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।”

এরমধ্যে পাহাড়তলি থানার ডিটি রোড অলঙ্কার মোড় আবদুল আলী মার্কেটের শুটকি ব্যবসায়ী নুর মোহাম্মদকে এক হাজার টাকা, সবজি দোকানি আহমদুর রহমানকে দুই হাজার, মোহাম্মদ হোসেনকে এক হাজার, শেখ আহমদকে এক হাজার এবং শামসুল আলমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে ওই এলাকার সিডিএ মার্কেটের আম্মাজান ফেব্রিক্সকে তিন হাজার, চায়না গার্ডেনকে এক হাজার, ধনঞ্জয় ঘোষকে তিন হাজার এবং শেখ মোহাম্মদ সওকতকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লাব্বায়েক শপিং কমপ্লেক্সের আলিফা ফ্যাশনের কামাল হোসেনকে তিন হাজার, জেসি ফ্যাশনকে তিন হাজার এবং নিউ নিলাচলকে তিন হাজার টাকা জরিমানা করে।

সিটি করপোরেশনের নালার উপর হোটেলের রান্নাঘর করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অলঙ্কার হোটেল অ্যান্ড বিরাণী হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।