চট্টগ্রামে আগুনে পুড়ল বসতঘর-দোকান, কারখানা
চট্টগ্রামের ডবলমুরিং, পূর্ব বাকলিয়া ও পাহাড়তলীতে পৃথক অগ্নিকাণ্ডে বসতঘর, কারখানা ও দোকান পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী প্রহ্লাদ সিংহ জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ডবলমুরিং থানার হাজী পাড়ার ডা. নুরুল আফসার কলোনিতে আগুন লাগে।
“আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ২৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৮টি ঘাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
প্রহ্লাদ জানান, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটের একটি মিনারেল ওয়াটার তৈরির কারখানায় আগুন লাগে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
আগুনে মিনারেল ওয়াটার কারখানার পাশাপাশি একটি মশার কয়েল তৈরির কারখানাও পুড়ে যায়।
এদিকে সকাল ৭টার দিকে পাহাড়তলী এলাকার অলংকার শপিং কমপ্লেক্সের নিচতলায় আগুন লেগে ইলেকট্রনিক্সের দুটি দোকান পুড়ে যায় বলে জানান প্রহ্লাদ।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
