চট্টগ্রামে ছাত্রাবাস থেকে ১১ ‘শিবিরকর্মী’ আটক
চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুরে একটি স্কুলের ছাত্রাবাস থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে, যারা ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে সন্দেহ পুলিশের।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে চিটাগাং ইডেন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাস থেকে ১১ জনকে আটকের কথা জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি আকবর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের অধিকাংশেরই বয়স ২২ থেকে ১৮ বছরের মধ্যে।”
“কী কারণে তারা ওইখানে জড়ো হয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
মোহাম্মদপুরের ওই বিদ্যালয়ের তৃতীয় তলা পর্যন্ত স্কুলের শিক্ষা কার্যক্রম এবং এর উপরে কয়েকটি ফ্লোরে ছাত্রাবাস রয়েছে।
জামায়াতে ইসলামীর নেতাদের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি পরিাচলিত হয় বলে অভিযোগ রয়েছে।
