চট্টগ্রাম ছাত্রদলে গৃহদাহ, সংঘর্ষে আহত ৫
কমিটি ঘোষণার তিন মাস পর প্রথম সভাতেই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতারা।
বৃহস্পতিবার বিকালে নগরীর নুর আহমদ সড়কে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে মারামারিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এ সময় ভাংচুর করা হয় কার্যালয়ের চেয়ার, ভবনের জানালা।
সংঘর্ষের পর সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা ‘বিদ্রোহী গ্রুপের’ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে বিরোধীরা নতুন সভাপতি-সাধারণ সম্পাদককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন।
বৃহস্পতিবারের সভায় ২১ জন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ১৯ জনই সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা জানিয়েছেন বলে সাংগঠনিক সম্পাদক আনিস আখতার টিটু দাবি করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গত ১৩ অক্টোবর ২৩ সদস্যের উত্তর জেলা কমিটি ঘোষণা করে।
এই কমিটির সভাপতি জাহেদুল আফসার জুয়েল ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর অনুসারী।
অন্যদিকে জ্যেষ্ঠ সহ-সভাপতি আনসুর উদ্দিন ও তার পক্ষের নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
সংঘর্ষের বিষয়ে আনসুর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন মাস আগে আমাদের কমিটি হলেও এতদিন কোনো সভা হয়নি। আমাদের কমিটির অধীনে সাতটি থানা এবং নয়টি পৌরসভা আছে।
“সংগঠনের এসব ইউনিটের কোনো কার্যক্রমও এতদিন নেওয়া হয়নি। হঠাৎ করে কয়দিন আগে চিঠি দিয়ে ৫ জানুয়ারির মধ্যে সব থানায় কর্মী সমাবেশের নির্দেশ দেয় সভাপতি-সাধারণ সম্পাদক।”
আনসুর উদ্দিন বলেন, “এই চিঠি কিসের ভিত্তিতে ইস্যু করা হয়েছে তা আমরা জানতে চাই। কোনো সদুত্তর না পেয়ে সভা বয়কট করে আমরা নেমে আসি।
“এ সময় ভবনের নিচে থাকা তৃণমূলের কর্মীরা স্লোগান দিচ্ছিল। তা দেখেই সাধারণ সম্পাদক জনি লাঠি নিয়ে নিচে নেমে আসে। এরপর উত্তেজিত কর্মীরা তাকে লাঞ্ছিত করে।”
সহ-সভাপতি একরামুল আজিম বলেন, “তারা এতদিন কোনো কাজ করেনি। আজকে বর্ধিত সভা ডাকে। সভায় যখন প্রশ্ন করি, তখন জবাব না দিয়ে বলে- যা করছি তা কেন্দ্রের নির্দেশে করছি।
“এ সময় জনি তেড়ে আসে। সে খুব খারাপ ব্যবহার করে এজন্য তাকে প্রতিহত করি।”
আনসুর উদ্দিনের দাবি তাদের সাথে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, সহ-সভাপতি এস এম আজিজ উল্লাহ, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাশেদসহ ১৯ জন আছেন।
নাসিমন ভবনের নিচে মাঠে সমবেত দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষে টিপু, সরওয়ার, তসলিম মনির, ফোরকান ইমরান, নুরুদ্দিন নামের পাঁচজন আহত হন।
সংঘর্ষের বিষয়ে সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, “বিদ্রোহী গ্রুপের ছেলেরা বহিরাগত এবং ছাত্রলীগের ছেলেপেলে নিয়ে কার্যালয়ে আসে।
মনিরুল আলম জনি বলেন, যারা সংগঠন বিরোধী কাজ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অবিলম্বে উপজেলা কমিটিগুলোও বিলুপ্ত করা হবে।
কমিটির ১৯ সদস্যই তাদের বিরুদ্ধে কি না জানতে চাইলে জনি বলেন, “প্রশ্নই ওঠে না। অধিকাংশ সদস্য আমাদের সাথে আছে।”
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তকিবুল হাসান চৌধুরী ও ওমর ফারুক চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ওমর শরীফ, আজম উদ্দিন ও মোরশেদ হাজারী এবং সহ-সম্পাদক আবু সাঈদ তাদের সঙ্গে আছেন বলে দাবি করেন জনি।
