২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের ক্রেন সরবরাহে জালিয়াতিতে অভিযুক্ত দুইজন

চট্টগ্রাম বন্দরের ক্রেন সরবরাহ কাজের ‍চুক্তিতে ব্যাংকের জাল পারফরম্যান্স গ্যারান্টির ব্যবহারের মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 08:18 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে কমিশনের সাধারণ নিবন্ধন শাখায় (জিআর) এ অভিযোগপত্র দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

চট্টগ্রাম আদালতে দুদকের পরিদর্শক এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই আসামি হলেন ইকম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. রফিকুল ইসলাম এবং প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখার তৎকালীন শাখা ব্যবস্থাপক ও জ্যেষ্ঠ নির্বাহী মো. কামরুজ্জামন।

মো. কামরুজ্জামান বর্তমানে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এবং প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, চট্টগ্রাম বন্দরের জন্য ১০ টন ক্ষমতাসম্পন্ন ১০টি মোবাইল ক্রেন সরবারের জন্য দুই কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকার ভুয়া ও জাল পারফরম্যান্স গ্যারান্টি জমা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইকম ট্রেড ইন্টারন্যাশনাল।

চুক্তির আগে বন্দর কর্তৃপক্ষ ফ্যাক্সের মাধ্যমে ওই পারফরম্যান্স গ্যারান্টির সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। তখন প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপন কামরুজ্জামান ওই পারফরম্যান্স গ্যারান্টি সঠিক আছে বলে নিশ্চিত করেন।

এর ভিত্তিতে ২০১৩ সালের ২১ অগাস্ট ইকম ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে ৩০ কোটি টাকায় ক্রেন সরবরাহ চুক্তি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, পরে দুদক তদন্তে গিয়ে ওই পারফরম্যান্স গ্যারান্টির কোনো রেকর্ড প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় খুঁজে পায়নি।

পারফরম্যান্স গ্যারান্টি ইস্যুর সময় ইকম ট্রেড ইন্টারন্যাশনালের ব্যাংক হিসেবে উল্লেখিত পরিমাণ টাকাও ছিল না বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

পরে ২০১৫ সালের ৫ অক্টোবর নগরীর বন্দর থানায় এই মামলা করেন দুদক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।