২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪ বছর আগের অস্ত্র মামলায় আসামির কারাদণ্ড

প্রায় ১৪ বছর আগে চট্টগ্রাম নগরীতে দুটি অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 06:48 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডিত মো. শাহীন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ‍পুটিভিলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এক সময় নগরীর ডিসি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।  

রায় ঘোষণার সময় পলাতক ছিলেন শাহীন।

বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে করা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দণ্ড দিয়েছে।

“মামলার দুটি ধারার মধ্যে ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় সাত বছরের সাজা দেওয়া হয়েছে। উভয় সাজা একসাথে কার্যকর করা হবে।”

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ১৮ অগাস্ট নগরীর আসাছগঞ্জ পুলিশ ক্যাম্প এলাকায় কোতোয়ালি থানার এসআই রেজাউল করিম দায়িত্বপালনের সময় সন্দেহবশত রিকশা আরোহী শাহীনকে থামায়।

ওই সময় শাহীনের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে একটি দেশি পাইপ গান, একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এসআই রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন।

ওই মামলায় ২০০৩ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ২০০৪ সালের ১৭ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।

মামলার ১০ জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য নিয়ে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।