চট্টগ্রাম-নাজিরহাট পথে বাড়ানো হবে ট্রেন সংখ্যা: রেলমন্ত্রী
চট্টগ্রাম-নাজিরহাট পথে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি।
স্থানীয় এলাকাবাসীর পক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মুজিবুল হক বলেন, চট্টগ্রাম-নাজিরহাট রুটে একসময় পাঁচ জোড়া ট্রেন চলাচল করত। কিন্তু দীর্ঘ দিন ধরে এ সংখ্যা কমে আসছে।
“রেলসেবা বাড়ানোর লক্ষ্যে এই রুটে সংখ্যা আরও বাড়াবো। একইসঙ্গে কাটিরহাটে জরাজীর্ণ রেলস্টেশনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে।”
মন্ত্রী বলেন, ১৯৩০ সাল থেকে চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন চলাচল শুরু হয়। ১৯৮০ সালের দিকে ট্রেন চলাচল বন্ধ করে দিতে তৎকালীন সরকার চেষ্টা করে। কিন্তু এলাকার জনগণের দাবির মুখে পুরোপুরি বন্ধ করতে পারেনি।
“তবে ওই সময় সরকার ট্রেনের সংখ্যা কমিয়ে দেয়। বর্তমানে এই রুটে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। এজন্য স্থানীয়দের কাছ থেকে নয়টা ট্রেন দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। এরই অংশ হিসেবে ট্রেনের সংখ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
শিগগিরই এই রুটে নতুন ট্রেন যুক্ত করা হবে বলে জানান রেলমন্ত্রী।
চট্টগ্রাম-নাজিরহাট রুটে বর্তমানে সকাল সাড়ে ৬টায় একটি এবং সকাল সাড়ে ১০টায় আরেকটি ডেমু ট্রেন নাজিরহাটের উদ্দেশে ছেড়ে যায়। দুটি ট্রেনই বিকালে নগরীতে ফেরে।
ধলই ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণায়ের উপ-সচিব অসীম কুমার দে, আশুতোষ দে, মুক্তিযোদ্ধা কমাণ্ডার নুরুল আলম, এম এম নোমানসহ অন্যরা।
