২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রাবাসে ‘চাঁদার জন্য’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত বক্সারকে মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চাঁদা চেয়ে না পাওয়ায়’ ছাত্রাবাসে আটকে রেখে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বক্সার এক ছাত্রকে ছাত্রদলের এক নেতার নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 10:22 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

মারধরে আহত মোনায়েবুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্স এর প্রথম বর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই বক্সারের বাড়ি যশোরে হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় থাকেন।

তাকে মারধরে নেতৃত্বদাতা হিসেবে নাম এসেছে ছাত্রদল নেতা সালাউদ্দিন উজ্জ্বলের।

মঙ্গলবার দুপুরে মারধরে গুরুতর আহত হওয়ার পর মোনায়েবুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বেলা ২টার দিকে মোনায়েবকে তুলে নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ৩১২ নম্বর কক্ষে আটকে মারধর করা হয় বলে জানিয়েছেন প্রক্টর আলী আজগর চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাউদ্দিন উজ্জ্বল নামে কম্পিউটার সায়েন্স বিভাগের এক শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছে বলে আহত শিক্ষার্থীর পরিবার অভিযোগ করেছে।

প্রক্টর বলেন, এফ রহমান হলের একটি কক্ষে চার-পাঁচজন শিক্ষার্থী মোনায়েবুরকে আটকে রেখে সাড়ে তিন লাখ টাকা চাঁদা চেয়ে মারধর করে। ওই কক্ষে যারা থাকত তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আহত মোনায়েবুরের বাবা ডা. মাহবুবুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার দুই সন্তান এবার কম্পিউটার সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্স বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়। তারা দুইজনই জাতীয় পুরস্কারপ্রাপ্ত বক্সার এবং বিকেএসপি থেকে পড়ালেখা শেষে করেছে।

তিনি বলেন, “প্রথম বর্ষের ক্লাশ শুরুর পর উজ্জ্বল নামে কম্পিউটার সায়েন্স বিভাগের এক শিক্ষার্থী আমার ছেলের কাছে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে বলে, ‘বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে টাকা দিতে হবে’।”

টাকা না দেওয়ায় উজ্জ্বলের নেতৃত্বে হামলা হয় বলে দাবি করে ডা. মাহবুব বলেন, “আমার ছেলে মোনায়েবুরের মাথায় গুরুতর জখম হয়েছে।”

হামলাকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এই চিকিৎসক বাবা।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, বিকাল পৌনে ৫টার দিকে মোনায়েবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ও হাতে আঘাত গুরুতর।

ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন উজ্জ্বল কম্পিউটার সায়েন্স এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী। উজ্জ্বলসহ মারধরের সঙ্গে যুক্ত অন্যরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

সালাউদ্দিন উজ্জ্বল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে (উজ্জ্বল) এ ঘটনার সাথে যুক্ত কি না জানা নেই। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ”