২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেনারেটরের আগুনে পুড়ল মোটরসাইকেল

চট্টগ্রামের আকবর শাহ এলাকার এক বাড়ির জেনারেটর বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 02:05 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ কে খান গেইট এলাকার নয় তলা ভবন গ্রিন টাওয়ারের জেনারেটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে। 

তিনি বলেন, সিঁড়িঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের বাসিন্দারা ছাদে আশ্রয় নেন। আগুনে নিচতলায় থাকা দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে আজাদ জানান।

গ্রিন টাওয়ারের পার্শ্ববর্তী একটি ভবনের বাসিন্দা নৌ বাহিনীর সদস্য নুরুদ্দিন সুমন জানান, অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত বাসিন্দাদের পাশের বাসার ছাদগুলোতে সরিয়ে নেওয়া হয়। 

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি; মোটরসাইকেল পুড়ে যাওয়া ছাড়া তাৎক্ষণিকভাবে আর কোনো ক্ষয়ক্ষতির কথা জানাতে পারেনি ফায়ার সার্ভিসও।