২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দিয়াজ অনুসারীদের ওপর হামলা

দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর কারণ খুঁজতে ঢাকা থেকে যাওয়া চিকিৎসকদের উপস্থিতির মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রয়াত এই ছাত্রলীগ নেতার অনুসারীদের ওপর হামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 11:56 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

রোববার বিকালে এই হামলার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু এবং মেডিকেল ছাত্রলীগ নেতাদের দুষছেন দিয়াজ অনুসারীরা।

একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলে দিয়াজ অনুসারীদের কক্ষে হামলা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

গত ২০ নভেম্বর ছাত্রলীগ নেতা দিয়াজের ঝুলন্ত লাশ তার ক‌্যাম্পাসের বাসা থেকে উদ্ধারের পর থেকে হত‌্যার সন্দেহের কথা বলে আসছিল পরিবার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম দফা ময়নাতদন্তে আত্মহত‌্যা বলা হলেও তা প্রত‌্যাখ‌্যান করে হত‌্যামামলা করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। বাদীর আবেদনে আদালতের নির্দেশে দিয়াজের লাশ পুনঃময়নাতদন্ত করে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা দিয়াজের দেহে জখম পাওয়ার কথা জানান।

তবে প্রতিবেদন দেওয়ার আগে ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়েছিলেন এই চিকিৎসকরা।

তারই অংশ হিসেবে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিয়াজের বাসায় যায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের ময়নাতদন্তকারী দল।

তখন দিয়াজ অনুসারীরা সেখানে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর কুশপুতুল দাহ করে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে পুনঃময়নাতদন্তকারী দলের সদস্যরা বিকালে চট্টগ্রাম মেডিকেলে যান।

দিয়াজের বড় বোন জুবাইদা ছরওয়ার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদসহ আমরা প্রথম ময়নাতদন্তকারী চমেকের ফরেনসিক বিভাগের প্রধানের সাথে দেখা করতে দ্বিতীয় তলায় যাই। তখন অন্যরা নিচে ছিল। সোহেল মাহমুদ উনার কক্ষে ঢুকলে আমরা অন্য একটি কক্ষে অপেক্ষা করছিলাম। তখনই নিচে শোরগোল শুনতে পাই।

“এসময় ছোট ভাই মিরাজ ও আমার স্বামী সরওয়ারকে দিয়াজের বন্ধুরা নিরাপদে ভবনে ঢুকিয়ে দেয়। এই গণ্ডগোলের মধ্যেই ঢাকার চিকিৎসকরা তাদের কাজ শেষ করে চলে যান। আমাদের সাথে আর তাদের দেখা হয়নি।”

দিয়াজের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেলে আমরা মানববন্ধন করছিলাম। এসময় টিপুর অনুসারী এবং চমেকের কিছু ছাত্র মিলে হামলা চালায়। এতে রিয়াজ, কামরুল, আতাউর, নুরুজ্জামান ও বিজয় নামে পাঁচজন আহত হয়।”

তবে মেডিকেল ছাত্র সংসদের ভিপি আরমান উল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের ভেতরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তারা মানববন্ধন করছিল। ৫০-৬০ জন ছেলে নিয়ে এসে তারা অধ্যক্ষের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিল।

“তারা ক্যাম্পাস জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার কথা বলছিল। তাই তাদের সরিয়ে দিই। তেমন কিছুই হয়নি।”

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেলের ছাত্ররা তাদের বাইরে গিয়ে মানববন্ধন করতে বলেছিল। এ নিয়ে কথা কাটাকাটি হয়। আর কিছু না।”

এদিকে বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলে হামলা চালিয়ে তাদের অনুসারীদের ৪২টি কক্ষ ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন দিয়াজ অনুসারী ছাত্রলীগ নেতা মামুন।

তিনি বলেন, “এসব কক্ষের কম্পিউটার-জিনিসপত্র ভাংচুর করা হয়েছে। জুনিয়রদের সনদপত্র নিয়ে গেছে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোকাদ্দেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ হলে সভাপতি গ্রুপ এসেছিল। তাদের সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এখন পর্যাপ্ত পুলিশ সেখানে আছে।”