২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের বাঁশ পড়ে শিক্ষার্থী আহত

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার মাবুদ সওদাগর লেইন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় বাঁশ পড়ে গুরুতর আহত হয়েছেন এক উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 11:47 PM

Updated : 19 Aug 2022, 03:20 PM

রোববার বিকালে নগরীর ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ সংলগ্ন মাবুদ সওদাগর লেইন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আরিফুল ইসলাম রাকিব (১৮) নগরীর বিএএফ শাহীন কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

রাকিবের বাবা আবুল বশর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ফতেহনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। ঘটনাস্থলের কাছেই তারা ভাড়া বাসায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে একটি নির্মাণাধীন ভবন সংলগ্ন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন রাকিব।

“এসময় পাশের ছয়তলা নির্মাণাধীন ভবনটি থেকে একটি বড় বাঁশ তার মাথার উপর পড়ে। তাকে হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা গুরুতর।”

ঘটনার বিষয়ে জানতে ইপিজেড থানায় যোগাযোগ করা হলেও পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি।