চট্টগ্রামে আগুনে পুড়ল দুই গরু
চট্টগ্রামের ফটিকছড়িতে খড়ের গাদা থেকে লাগা আগুনে দুই গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের ইন-চার্জ পুলক কান্তি সরকার জানান, শুক্রবার রাত ১টার দিকে হাইদচকিয়া ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের মাহবুবুল আলমের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে।
“আগুন পরে গোয়ালঘরে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা তিনটি গরুর দুটি পুড়ে যায়; অন্যটি দড়ি ছিড়ে পালাতে পারে।”
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান এ কর্মকর্তা।
সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
আগুনে ওই বাড়ির চারটি খড়ের গাদাও পুড়ে গেছে বলে পুলক জানিয়েছেন।
