২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেলবাজিতে’ বিরক্ত মেয়র নাছির

চার ঘণ্টার কোনো অনুষ্ঠানের দেড়-দুই ঘণ্টাই প্রধান অতিথিকে ‘তেল’ দিতে দিতে চলে যায় মন্তব‌্য করে বর্তমান রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 08:15 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব‌্যে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক সংস্কৃতি তো এমন হয়ে আছে- চার ঘণ্টার সভায় দেড় থেকে দুই ঘণ্টা তেলের পেছনে চলে যায়। এগুলোর কোনো প্রয়োজন নেই।

“পরিস্থিতি এমন যেন প্রধান অতিথি খুশি হলেই লক্ষ্যে পৌঁছানো যাবে।”

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির গত বছর এপ্রিলে সিটি মেয়র নির্বাচিত হন। অনেক সভা-সমাবেশেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।

নিজের স্বার্থকে বড় করে না দেখার আহ্বান জানিয়ে নাছির বলেন, “এখন সব কিছুর ঊর্ধ্বে ব্যক্তিগত স্বার্থ। এখানে দলও নেই, দেশও নেই। অথচ দেশের স্বার্থ সবার আগে হওয়া উচিৎ।”

এখন যেসব সভা-সমাবেশে বক্তব‌্য দেন সেগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি থাকে না মন্তব‌্য করে এ নিয়ে খেদ প্রকাশ করেন নাছির।

তিনি বলেন, “যখন ছাত্রলীগ করতাম বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতাম, পথের পাশে...। পথচারীরা এসে শুনত, চলে যেত। আবার অন্যরাও আসত। এভাবে চলত।

“এখন সভা চলে, একজন পথচারীও শুনতে আসে না। নেতাকর্মী সমর্থকরা আসেন। কিন্তু সাধারণ মানুষ সভা-সমাবেশে আসেন না। এসব বক্তব্য তারা রাজনৈতিক মনে করেন।”

Image
আ জ ম নাছির উদ্দিন

আ জ ম নাছির উদ্দিন

এ কারণে সংবাদকর্মীদের দায়িত্ব এখন ‘বেশি’ মন্তব‌্য করে নাছির বলেন, “পাঠকদের মনে সাংবাদিকদের লেখা পড়েই ধারণা তৈরি হয়। এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। লেখা পড়েই পাঠকের মধ্যে বিভক্তি-বিভাজনও তৈরি হয়। জ্ঞান দিচ্ছি না। প্রত্যাশা করি এই চ্যালেঞ্জ আপনারা পূরণ করতে পারবেন।”

নাগরিকদের মধ‌্যে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা প্রত‌্যাশা করে চট্টগ্রামের মেয়র বলেন, “শুধু সরকারের ওপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না। আইন প্রয়োগের দায়িত্ব সরকারের, মানার দায়িত্ব নাগরিকের। আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা- ‘আমাদের করার কিছু নেই, সব শুধু সরকার করবে’। আইন মানার প্রবণতা আমাদের মধ্যে কম।

“আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে। কিন্তু দেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এক্ষেত্রে জনমত গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরাই।”

দেশের উন্নয়নে রাজনীতিকদের প্রতিও ঐক‌্যের আহ্বান জানান আ জ ম নাছির: “কোনো কারণে মত ভিন্নতা হলে সেটাকে আমরা স্থায়ী রূপ দিই। এমনকি আক্রমণাত্মক বক্তব্য দিই। এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। এভাবে কোনো জাতি এগিয়ে যেতে পারে না।”

প্রেসক্লাবের দ্বিবার্ষিক অধিবেশন উদ্বোধন অনুষ্ঠানেই সেখানকার বঙ্গবন্ধু বহুমাত্রিক হলের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালে চট্টগ্রামে অপারেশন জ্যাকপট পরিচালনাকারী নৌ কমান্ডো দলের প্রধান বীর উত্তম এ ডব্লিউ চৌধুরী।

প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী।