২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে সবজির দাম কমার স্বস্তি চট্টগ্রামে

চট্টগ্রামে শীতের সবজির দাম কমে যাওয়ায় বাজারে ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

শুক্রবার সরেজমিনে চট্টগ্রামের পাইকারি কাঁচাপণ্যের বৃহত্তম বাজার রিয়াজউদ্দিন বাজারে এ চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে জানা যায়, শীতের সবজি উৎপাদন ভালো হওয়ায় বাজারে কমে এসেছে সবজির দাম।

রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির সবজির খুচরা বিক্রেতার মো. রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতের সব সবজি ২০ থেকে ২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

রুবেল বলেন, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১২ টাকায়, বেগুন ২০ টাকায়, বাধা কপি ১০ টাকা ও ফুলকপি ১৫ টাকায়।

এছাড়াও শিম প্রতি কেজি ২৫ টাকায় পাওয়া যাচ্ছে বলে জানান রুবেল।

“কমেছে টমেটোর দামও। প্রতি কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে ২৫ টাকায়। মূলা বিক্রি হচ্ছে ৮ টাকায়।”

দাম কমার তালিকায় যুক্ত হয়েছে কাঁচামরিচও। প্রতি কেজি কাঁচামরিচ পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়।

রিয়াজউদ্দিন পাইকারি কাঁচাপণ্যের আড়তের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রামে প্রচুর ফলন হয়েছে শীতকালীন সবজির। তাই বাজারে একেবারে কমে গেছে সবজির দাম।

তিনি বলেন, পাইকারিতে কেজিপ্রতি পাঁচ টাকায়, মূলা তিন টাকায়, বাধাকপি ৪ টাকায় বিক্রি করছি।

বাজারের এমন অবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

রিয়াজউদ্দিন বাজারে সপ্তাহের বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী নাহিদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজকে ২০০ টাকায় যে বাজার করেছি, এক মাস আগেও সমপরিমাণ বাজার করতে ছয়শ থেকে সাতশ টাকা লাগত।

অন্তত শীত থাকা পর্যন্ত বাজারের এমন অবস্থা বজায় থাকবে বলে আশা করেন তিনি।

শীতের সবজির দাম কমলেও এখনো কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে বরবটি ও চিচিঙ্গা।

বরবটি ও চিচিঙ্গা প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে রিয়াজউদ্দিন বাজারে।

সবজির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার পাওয়া যাচ্ছে ১৪৫ টাকায়। তবে দেশী মুরগির দাম রয়েছে আগের মতই।

প্রতিকেজি দেশি মুরগি পাওয়া যাচ্ছে ৩৩০ টাকায়। সোনালী মুরগি পাওয়া যাচ্ছে ২২০ টাকায়।

মাছের দামও কমেছে আগের চেয়ে। মৃগেল প্রতিকেজি ১৫০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, ৪০০ গ্রাম ওজনের ইলিশ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে রিয়াজউদ্দিন বাজারে।

এছাড়াও লইট্টা মাছ ১২০ টাকা, সমুদ্রের টাইগার চিংড়ি সাড়ে তিনশ টাকায় পাওয়া যাচ্ছে।

গরুর মাংসে হাঁড়ছাড়া মাংসের দাম আগের মত থাকলেও হাঁড়সহ মাংসের দাম বিক্রিতে কিছুটা কমেছে।

হাঁড়ছাড়া মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকায় আর হাঁড়সহ পাওয়া যাচ্ছে ৪২০ টাকা, যা আগে ৪৫০ টাকায় বিক্রি হত।