কাস্টমসের ‘গুরুত্বপূর্ণ’ নথি গার্মেন্ট মালিকের অফিসে
চট্টগ্রামের নয়াবাজার এলাকার একটি গার্মেন্টে অভিযান চালিয়ে মালিকের অফিসকক্ষ থেকে কাস্টমসের গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা, যার মধ্যে বিচারাধীন মামলার নথিও রয়েছে।
মঙ্গলবার রাতে আলআমিন মেরিটাইম ইন্টারন্যাশনাল অ্যাপারেলস ফ্যাশন নামের প্রতিষ্ঠানে চলে ওই অভিযান। কারখানার মালিক মো. আল আমিন নামের এক ব্যক্তি।
নথিগুলো যাচাইয়ের পর বৃহস্পতিবার অভিযানের কথা সংবাদকর্মীদের জানানো হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জব্দ করা নথিগুলোর মধ্যে ১১টি ব্যাংক গ্যারান্টি, ৪৮টি বিচারাধীন মামলার এবং ১২টি শুল্কায়ন ও অন্যান্য বিষয়ের নথি।”
“কারখানা মালিক এসব নথি কি করে তার কার্যালয়ে গেল,তার কোনো সদুত্তর দিতে পারেননি। এ ধরনের ঘটনা সরকারি নথিপত্রের নিরাপত্তায় মারাত্মক হুমকি।”
নথিগুলো কিভাবে সেখানে গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
“এরসঙ্গে কারা জড়িত, নথিগুলোর সঙ্গে কি পরিমাণ রাজস্ব ও ব্যাংক গ্যারান্টি জড়িত তা বিস্তারিত যাচাইয়ে সময়ের প্রয়োজন। সবাই যাচাই করে গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানানো হবে।”
