দুই বিচারককে সরাতে ‘আল্টিমেটাম’ চট্টগ্রামের আইনজীবীদের
চট্টগ্রাম আদালতের দুই বিচারকের বিরুদ্ধে ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগ করে আসা জেলা আইনজীবী সমিতি এবার তাদের প্রত্যাহারে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে।
এর মধ্যে দুই বিচারককে সরানো না হলে তদের আদালত দুটি বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি সমিতির এ সিদ্ধান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এবং ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সেলিম মিয়ার বিরুদ্ধে অসততা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কয়েক মাস থেকে তাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে জেলা আইনজীবী সমিতি।
সমিতির নেওয়া সিদ্ধান্ত প্রধান বিচারপতি এস কে সিনহাকে জানানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহেদ বীরু।
কফিল উদ্দিন বলেন, গত প্রায় ছয় মাস ধরে এই দুই বিচারকের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জানানো হচ্ছে।
“গত ৭ অগাস্ট আইন মন্ত্রণালয়ে আমাদের প্রতিনিধি দল গিয়ে আইনমন্ত্রী ও সচিবের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেয়। এরপর ২১ সেপ্টেম্বর হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান চট্টগ্রাম আদালত পরিদর্শনে এলে সার্কিট হাউজে উনার সঙ্গে এক বৈঠকে তাদের প্রত্যাহারের আবেদন জানাই।
“সর্বশেষ ৩০ নভেম্বর ভোজ সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানের উপস্থিতিতে সভাপতি হিসেবে আমি আবার একই অভিযোগ করি। দীর্ঘদিনেও কোনো ব্যবস্থা না হওয়ায় বিচারপ্রার্থীরা ক্ষুব্ধ।”
এ কারণে সমিতির সভায় সাতদিনের তাদের প্রত্যাহারের দাবি এবং তা না হলে আদালত দুটি বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইনজীবী সমিতির এই নেতার ভাষ্য।
