২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার প্রস্তাব

জলাবদ্ধতা ও বন্যা নিরসনে একশ বছরের মহাপরিকল্পনা প্রণয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (সিসিসি) প্রস্তাব দিয়েছে চীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

বুধবার নগর ভবনে চায়না ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্রুপ লিমিটেডের প্রতিনিধি দল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে এক সাক্ষাতে এ প্রস্তাব দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিসিসি।

এতে বলা হয়, এই মহাপরিকল্পনার (মাস্টারপ্ল্যান) অধীনে চায়না ইন্টারন্যাশনাল ইনভেস্টম্যান্ট সিসিসিকে গ্রুপ খাল প্রশস্ত করা, খালের পাড়ে রাস্তা নির্মাণ, স্লুইচ গেট, পাম্প হাউস ও নতুন খাল খননসহ এক গুচ্ছ প্রস্তাব দিয়েছে।

বৈঠকে আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও সমাপ্ত করা সম্ভব বলে মেয়রকে জানানো হয়।

বৈঠকে চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল মাস্টারপ্ল্যানের খসড়া উপস্থাপনের পর সিটি মেয়র এক কোটি মানুষের মেগাসিটির আদলে মাস্টারপ্ল্যানকে আরও পূর্ণাঙ্গ করে উপস্থাপনের জন্য চায়না প্রতিনিধি দলকে অনুরোধ করেন।

এ লক্ষ্যে মাস্টার ড্রেনেজ প্ল্যান, মাস্টার স্যুয়ারেজ প্ল্যান, ডিটেইলস এরিয়া প্ল্যান অনুসরণে চিটাগাং ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ওয়াটার লগিং ম্যানেজমেন্ট সিস্টেম এর সার্বিক পরিকল্পনা প্রণয়নে চীনা প্রতিনিধিদের অনুরোধ করেন আ জ ম নাছির।

বৈঠকে চীনা প্রতিনিধি দলে চায়না ইনভেস্টম্যান্ট ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট লিউ গ্যাংকিয়াং, পেন ডেংয়ু ও কমার্শিয়াল ম্যানেজার হান কাং উপস্থিত ছিলেন।

সিসিসির পক্ষে উপস্থিত ছিলেন সিসিসির প্রধান প্রকৌশলী লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, কামরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী সামশুল হুদা সিদ্দিকি।

পুরনো খবর:

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খননে সিসিসি  
চট্টগ্রামে জলাবদ্ধতা: কার্যকর উদ্যোগে সমাধান সম্ভব