২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মা হারানো আদিয়াতের দায়িত্ব নিলেন নাছির

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলিরহাটে অগ্নিকাণ্ডে বাবা-মা হারানো দুই বছর বয়সী শিশু আদিয়াতের দায়িত্ব নিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 08:53 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

পুরনো খবর:

সনদ বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তারা

শনিবার বিকালে বলিরহাটের শাহাজী পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।

গত রোববার ওই এলাকায় আগুন লাগলে শুরুতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন আদিয়াতের বাবা মো. সৈয়দ আহমদ (৩০) ও মা রীনা আক্তার (২৫)।

প্রতিবেশীদের ঘরে লাগা আগুন নেভাতে তারা চেষ্টাও করেছিলেন। পরে আবার তাদের ঘরে আগুন ছড়িয়ে পড়লে সনদ বাঁচাতে ঘরে গিয়েছিলেন রীনা আক্তার।

বেশ কিছু সময় পরও স্ত্রী রীনা ঘর থেকে বের না হওয়ায় তার খোঁজে ঘরে ঢোকেন সৈয়দ আহমদ। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুই জনেরই মৃত্যু হয়।

নিহত সৈয়দ আহমদ চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের হিসাব বিভাগের অস্থায়ী কর্মচারী ছিলেন; তার স্ত্রী রীনা ছিলেন সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

Image
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মেয়রের কম্বল বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মেয়রের কম্বল বিতরণ

শনিবার বিকালে সেখানে গিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে মানুষ জীবনের সর্বস্ব হারায়। এ ক্ষতি পুষিয়ে দেওয়ার ক্ষমতা কারোর নেই।

এসময় শিশু আদিয়াতের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করার কথা জানিয়ে নিহত সিসিসি কর্মচারী সৈয়দ আহমদের পরিবারের জন্য এককালীন দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণাও দেন।

সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বলও বিতরণ করেন মেয়র।

এসময় তার সঙ্গে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারুন উর রশিদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও নগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ উপস্থিত ছিলেন।