২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউতে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) শেষ হয়েছে দুইদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

বিশ্ববিদ্যালয়ের প্রবর্ত্তক মোড় বর্ধিত অ্যাকাডেমিক প্রাঙ্গনে ইডিইউ ফটোগ্রাফিক সোসাইটি এ প্রদর্শনীর আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন জুয়েলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীতে শিক্ষার্থীদের তোলা মোট ৩০টি ছবি স্থান পায়, যেখানে বাংলার পাখি, নদী, পাহাড়ি ঝর্ণা, মাটি, উৎসব, তারুণ্য, পথের মানুষের মানবিকতা, প্রেম, প্রকৃতি, নারীসহ অসংখ্য বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

প্রদর্শনীর শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, আলোকচিত্র সমাজকে বদলে দেওয়ার আয়না হিসেবে কাজ করে। মানুষকে সচেতন হতে শেখায়। মনের ভেতর দেশপ্রেম জাগিয়ে তোলে। 

তিনি আরও বলেন, “আলোকচিত্র কেবল নিছক প্রদর্শনীর জন্য নয়। আজকের এই ধরনের প্রর্দশনীতে অনেক দুর্লভ ছবি স্থান পেয়েছে। এসব ছবির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের হারানো ঐতিহ্য কে খুঁজে পাই।”

সমাপনীতে অন্যদের মধ্যে ডা. মোহাম্মদ জুনায়েদ রহমান, ইডিইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন ও প্রক্টর শাহ আহমেদ রিপন বক্তব্য রাখেন।